বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের ঘটনায় চালক গ্রেফতার
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম
লরি চালক ও মামলার প্রধান অভিযুক্ত মো. রিয়াজ উদ্দিন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মাইশা মুসফিরাতের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জড়িত ঘাতক লরি চালককে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চট্টগ্রামের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে দুর্ঘটনায় জড়িত লরি চালক ও মামলার প্রধান অভিযুক্ত মো. রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করে।
গ্রেফতার লরিচালকের নাম মো. রিয়াজ উদ্দিন (৩২)। সে নোয়াখালী জেলার নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার মো. আবু তাহেরের ছেলে।
উল্লেখ্য, উক্ত সড়ক দুর্ঘটনায় মেধাবী শিক্ষার্থী মাইশার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। পরবর্তীতে চট্টগ্রাম জেলা প্রশাসকের আশ্বাস এবং শিক্ষার্থীদের উত্থাপিত আট দফা দাবির পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেন। শিক্ষার্থীদের আট দফা দাবির অন্যতম ছিল দুর্ঘটনায় জড়িত লরি চালককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা।
শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ অভিযুক্ত চালককে শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে প্রধান অভিযুক্ত চালককে গ্রেফতার করা সম্ভব হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম জানান, লরিচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়ের করেছে। তাকে সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সীতাকুণ্ডে ইসলামী বিশ্ববিদ্যালয় গেট এলাকায় লরিচাপায় মাইশা মুশফিরাত (২১) নামে ওই শিক্ষার্থী নিহত হন। দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অপর শিক্ষার্থীসহ মহাসড়কে উলটে যাওয়া মিনিবাসের আরও ৫ যাত্রী আহত হন। এই ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন।
