১৪ বছর পর খালাস, বাদীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বড়লেখা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য ফয়সল আহমদ সাগরকে বিগত ২০১২ সালে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলা দিয়ে প্রায় ১৪ বছর হয়রানি করা হয়েছে। অবশেষে সম্প্রতি মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন।
দীর্ঘ ১৪ বছর মিথ্যা মামলা দিয়ে পালিয়ে থাকতে বাধ্য করা, কয়েক দফা কারাভোগ করানো, আর্থিক ও মানসিক হয়রানি, ব্যক্তিগত ও রাজনৈতিক মানসম্মান ক্ষুণ্ন করায় ভুক্তভোগী বিএনপি নেতা ফয়সল আহমদ সাগর বাদীর বিরুদ্ধে মামলা করেছেন।
উপজেলার গল্লাসাঙ্গন ছাতুরপার গ্রামের সামছুল ইসলামের স্ত্রী রিনা বেগম, তার অন্যতম সহযোগী সাবেক ইউপি সদস্য খছরুজ্জামান খছরুসহ ১২ জনের বিরুদ্ধে মঙ্গলবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলা করেছেন।
আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন- বাদীর স্বামী সামছুল ইসলাম, সহযোগী নাজমুল ইসলাম, সুলতানা বেগম, দুলাল আহমদ, নাজিম উদ্দিন, তাজুল ইসলাম, শবজান বেগম, আব্দুল মজিদ, আলতাফ হোসেন, নুরুল ইসলাম ও আমিনুল ইসলাম।
ভুক্তভোগী বিএনপি নেতা ফয়সল আহমদ সাগর বলেন, রাজনৈতিক কারণে এলাকা ছাড়া করতেই আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। অবৈধ প্রভাব বিস্তারে মামলার তদন্ত কর্মকর্তা (পুলিশের এসআই) আদালতে মিথ্যা চার্জশিট প্রদান করেন। ওই মিথ্যা মামলায় আমাকে তিন দফা জেল খাটতে হয়েছে। ১৪টি বছর মিথ্যা মামলার ঘানি টানতে হয়েছে। অবশেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত আমাকে খালাস দিয়েছেন। মিথ্যা মামলা করে দীর্ঘ হয়রানি, ক্ষতিসাধন ও মানহানির ঘটনায় মিথ্যা মামলার বাদী ও তার সহযোগীদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে আদালতে মামলা করেছি।
বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা অফিসারকে নির্দেশ দিয়েছেন।
