ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার
|
ফলো করুন |
|
|---|---|
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গ করে চট্টগ্রামে গান পরিবেশন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।
শুক্রবার দুপুরে নগরীর জামালখান এলাকায় ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির সমাবেশে এই গান পরিবেশন করা হয়।
এ সময় ‘খুনি হাসিনা দেশে আয়, দেখব তোরে কে বাঁচায়’ স্লোগান দেওয়া হয়।
আম্মারের গাওয়া গান ও বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এর আগে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি জামালখান এলাকায় গিয়ে শেষ হয়।
শুক্রবার শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শেষপর্যায়ে মঞ্চে ওঠেন সালাহউদ্দিন আম্মার। এ সময় ব্যঙ্গাত্মক গানের সুরে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘ও হাসিনা, গেছোস কিনা ভুইলা আমারে? আমি এহন মিছিল করি টর্চের আলোতে, ও আমি এহন মিছিল করি রাইতের আঁধারে, ও হাসিনা গেছোস কিনা ভুইলা আমারে।’
সমাবেশে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের ও সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা। এছাড়া সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।
