প্রেমিক অন্য মেয়ের সঙ্গে কথা বলায় যা করলেন তরুণী
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম
খালিশপুর থানা
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা মহানগরীর খালিশপুরে এক তরুণীর বিরুদ্ধে প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। অন্য এক মেয়ের সঙ্গে কথা বলা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরেই এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার বেলা ১১টার দিকে নগরীর আলমনগর বাজারসংলগ্ন পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না (১৯)। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপা এলাকায়। তার বাবা নজরুল ইসলাম। অভিযুক্ত ববি আক্তার (১৯) একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তিনি নগরীর সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনিক ও ববির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে অনিকের কথা বলা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে সোমবার সকালে আলমনগর বাজারের নিকটবর্তী পালপাড়া এলাকায় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ববি বাসায় ব্যবহৃত ছোট একটি ছুরি দিয়ে অনিকের পেটে আঘাত করেন। এতে তিনি আহত হন।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ জানান, অনিক ও ববি দুজনই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং সহপাঠী। প্রেমের সম্পর্ক নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। অভিযুক্ত তরুণী কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানান তিনি। তবে ছুরিকাঘাতে অনিক গুরুতর আহত হননি।
