এনসিপিতে যোগ দিয়ে পদ পেলেন জামায়াত নেতা
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:১০ পিএম
মো. মামুন উদ্দিন মেজবাহ
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর পরশুরাম উপজেলায় জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন মো. মামুন উদ্দিন মেজবাহ নামে স্থানীয় এক নেতা। নতুন দলে যোগ দিয়েই তিনি পেয়েছেন এনসিপির ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের পদ।
সোমবার (৯ নভেম্বর) রাতে এনসিপির ফেনী জেলা কমিটি ঘোষণা করা হলে বিষয়টি প্রকাশ্যে আসে।
মামুন উদ্দিন মেজবাহ পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জামায়াতের সহযোগী ও পেশাজীবী ব্যবসায়িক সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) পরশুরাম উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এনসিপিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করে মামুন উদ্দিন মেজবাহ বলেন, আমি জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছি। বর্তমানে এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছি।
তবে কী কারণে জামায়াতের রাজনীতি ছেড়ে এনসিপিতে যোগ দিয়েছেন, সেই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
এ বিষয়ে এনসিপির ফেনী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, জামায়াতে ইসলামীর রাজনীতি ছেড়ে এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আমাদের দলে যোগ দিয়েছেন। তাকে জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
পরশুরাম উপজেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হালিম বলেন, ‘মামুন জামায়াতের ওয়ার্ড পর্যায়ের কর্মী ছিলেন, নেতা নন।’
