দেবিদ্বারে জামায়াত নেতাকে মারধর করে ৭ লাখ টাকা ছিনতাই
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দেবিদ্বারে আবু সাঈম সরকার নামে এক ওয়ার্ড জামায়াতের সভাপতিকে মারধর করে ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। হামলায় জামায়াত সভাপতি আবু সাঈম সরকার আহত হয়েছেন।
সোমবার রাতে উপজেলার গোপালনগর গ্রামের উত্তরপাড়া মুগলী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাওলানা আবু সাঈম সরকার (৫৫) উপজেলার গোপালনগর এলাকার বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার চৈনপুর দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ১ নম্বর ওয়ার্ডের সভাপতি।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে মঙ্গলবার বিকালে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি উল্লেখ করেন, তাদের ছেলে ইমামিন সরকারকে বিদেশে পাঠানোর জন্য তার স্বামী বিভিন্ন আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা সংগ্রহ করেছিলেন। সেই টাকা নিয়ে বাড়ি ফেরার পথে একদল ব্যক্তি তাকে অনুসরণ করে। পরে গোপালনগর উত্তরপাড়া এলাকায় পৌঁছলে কয়েকজন মিলে তার স্বামীর ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৭ লাখ টাকা ও আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যের একটি রিয়েলমি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা।
এ ঘটনায় থানায় করা অভিযোগে আবুল বাসার (৪৮), আমজাদ (৫৫), ফাহিম (২২), মাহিন (৪২), জামাল (৫৫), সাইমন (২৬), মজিবুর রহমান (৬০) ও রাফির (২৩) নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে খবর পেয়ে ভুক্তভোগীকে দেখতে ছুটে যান কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, নায়েবে আমির প্রফেসর শেখ শহিদুল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক রুহুল আমিন সরকার, দেবিদ্বার স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মামুনুর রশীদ, সাবেক শিবির নেতা ওসমান গনিসহ স্থানীয় নেতারা।
দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, একজন মাদ্রাসা সুপারকে মারধর করে টাকা লুটে নেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার, লুণ্ঠিত টাকা উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।
