Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ

ছবি: সংগৃহীত

Advertisement

সুন্দরবনে পর্যটক নিখোঁজের পর মৃত্যুর ঘটনায় সাতক্ষীরা রেঞ্জে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে বন বিভাগ। এতে আগে থেকে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকেরা পড়েছেন বিপাকে। পাশাপাশি কাজ হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন ট্রলারমালিক, শ্রমিক ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে আগের নিয়মে এক দিনের ভ্রমণের অনুমতি চালু রয়েছে।

গত ৬ নভেম্বর সুন্দরবন ভ্রমণে এসে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। বন বিভাগ ও কোস্টগার্ডের টানা উদ্ধার অভিযানের পর ৮ নভেম্বর রাতে আলোরকোলের মাথারখালের চর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নেয় বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ৮ ও ৯ নভেম্বর বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মৌখিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে এক দিনের ভ্রমণে আগের নিয়মেই অনুমতি দেওয়া হচ্ছে।


বন বিভাগের এ সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সুন্দরবন ভ্রমণে আগ্রহী পর্যটকেরা। বিশেষ করে আগে থেকে দুই বা তিন দিনের ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিরা পড়েছেন অনিশ্চয়তায়। এক দিনে সুন্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখা সম্ভব না হওয়ায় অনেকে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন কিংবা বাতিলের কথা ভাবছেন।

অন্যদিকে, তিন দিনের ভ্রমণনির্ভর ট্রলারমালিক ও শ্রমিকদের আয় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও কদমতলার পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরাও এ সিদ্ধান্তের প্রভাব নিয়ে উদ্বিগ্ন।

মুন্সিগঞ্জ ট্রলারমালিক সমিতির কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকেরা সুন্দরবনে যাতায়াত করছেন। কিন্তু এ ধরনের ঘটনা আগে ঘটেনি। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ কারণে ভ্রমণের অনুমতি বন্ধ করা হলে তাদের কিছু করার নেই। আজ বুধবার মুন্সিগঞ্জ ট্রলারমালিক সমিতির মালিক ও শ্রমিকেরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে বিভাগীয় বন কর্মকর্তার কাছে যাবেন।

বিষয়টি নিশ্চিত করে বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ রয়েছে। তবে এক দিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মে চালু থাকবে। এ নিষেধাজ্ঞার বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।

নিষেধাজ্ঞা কত দিন বহাল থাকবে জানতে চাইলে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য তিন দিনের ভ্রমণের অনুমতি বন্ধ রাখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

সুন্দরবনে পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ অবশ্য নতুন নয়। বন বিভাগ ও পর্যটন পরিচালনাকারীদের সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর কচিখালীর ডিমের চরে গোসল করতে নেমে স্রোতের টানে ডুবে মারা যান ১৬ বছর বয়সী পর্যটক মাহিত আব্দুল্লাহ। এর আগে ২০২৩ সালের ২৪ ফেব্রুয়ারি পশুর নদ এলাকায় পর্যটকবাহী একটি জালিবোট ডুবে গেলেও ১৩ পর্যটককে জীবিত উদ্ধার করা হয়। এ ছাড়া ২০২৫ সালের ৮ নভেম্বর ঢাংমারি খালেও ১৩ পর্যটক নিয়ে আরেকটি জালিবোট ডুবির ঘটনা ঘটে।


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

সুন্দরবনে ঝুঁকিতে প্রাণ-প্রকৃতি: পর্ব-২ শ্বাসমূলে প্লাস্টিক-বর্জ্য বাধাগ্রস্ত চারার বৃদ্ধি

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বাদাম বিক্রেতা রাজুর স্বপ্নপূরণ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলিয়ে বাদাম বিক্রেতা রাজুর স্বপ্নপূরণ

বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার খুলনা ও মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে ২৩০ টন বিদেশি কয়লাবোঝাই বাল্কহেড আটক, গ্রেফতার ৯

সুন্দরবনে ২৩০ টন বিদেশি কয়লাবোঝাই বাল্কহেড আটক, গ্রেফতার ৯

আরও পড়ুন

মানিকগঞ্জে যুবদলের ৪ নেতাকে শোকজ

মানিকগঞ্জে যুবদলের ৪ নেতাকে শোকজ

থেমে থাকা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন

থেমে থাকা লরির চাকায় পেট্রোল ঢেলে আগুন

পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ

পর্যটকের মৃত্যুতে সুন্দরবনে ৩ দিনের ভ্রমণ বন্ধ

হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন কারাগারে

হোমনায় ট্রিপল হত্যার ১১ মাস পর দুইজন কারাগারে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম