|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদী থেকে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পদ্মা নদীতে জোয়ারের পানিতে মানুষের আকৃতির কিছু একটা ভাসতে দেখে আতঙ্কিত হন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি মাঈজঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানানো হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসে।
পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মরদেহটি একজন পুরুষের। তবে মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, পরিচয় গোপন এবং হত্যার আলামত মুছে ফেলতে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। মরদেহটির সুরতহাল শেষে বুধবার ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাঈজঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। শুধু শরীরের মূল অংশ পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও কত দিন আগে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা জানা যাবে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য যাচাই করা হচ্ছে।

