সহকর্মীকে ধর্ষণচেষ্টা, এনসিপি নেতা কারাগারে
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম
তানোর থানা
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীতে সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পলাশ আলী (৩০) নামের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পলাশ এনসিপির রাজশাহীর তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। উপজেলার প্রাণপুর গ্রামে তার বাড়ি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, পলাশের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এ জন্য গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। একই সংস্থায় কর্মরত এক তরুণীর (২৭) অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ আলী তাকে ধর্ষণের চেষ্টা চালান। এ নিয়ে তিনি আদালতে মামলা করেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্য সচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোরের ওই কমিটি সম্পর্কে আমি তেমন একটা জানি না। বিষয়টি জানার পর তানোর উপজেলার যারা দায়িত্বশীল আছেন, তাদের জানানো হয়েছে। তারা সঠিক বিষয়টা আমাকে জানাবেন। অভিযোগ সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
