Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বাবা-বোনের চিকিৎসায় নিঃস্ব পরিবার, এবার হাসপাতাল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

বাবা-বোনের চিকিৎসায় নিঃস্ব পরিবার, এবার হাসপাতাল থেকে পড়ে প্রাণ গেল শিশুর

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

Advertisement

বাবা ডেঙ্গু আক্রান্ত, ছয় বছরের বোনের জন্মগতভাবে একটি কিডনি নেই। দুজনই ভর্তি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারের টাকাপয়সাও প্রায় শেষ। তাই হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মা সেলিনা বেগম।

প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চিকিৎসকের চেম্বারে ছোটাছুটি করছিলেন তিনি। এরই মধ্যে ওয়ার্ডের গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায় দুই বছরের শিশু আবু হুরাইরা। বারান্দায় নিরাপত্তার জন্য কোনো গ্রিল ছিল না। সেখান থেকে নিচে পড়ে মৃত্যু হয় শিশুটির।

বুধবার দুপুরে রামেক হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নতুন হাঁটতে শেখা শিশুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। চিকিৎসা শুরু হলেও শেষপর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

নিহত আবু হুরাইরার বাবার নাম হৃদয় আলী। তাদের বাড়ি কুষ্টিয়া সদর এলাকায়। হৃদয় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ১৪ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তার ছয় বছরের মেয়ে উম্মে খাদিজা ভর্তি রয়েছে ২৪ নম্বর ওয়ার্ডে। জন্মগতভাবে তার একটি কিডনি নেই। বাবা ও মেয়ের দুজনের হাতেই স্যালাইনের ক্যানুলা লাগানো।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাদের জমানো টাকা শেষ হয়ে গিয়েছিল। এ অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সেলিনা বেগম। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তিনি চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন।

তখন দুই বছরের আবু হুরাইরা ওয়ার্ডে ছিল। একপর্যায়ে গেট খোলা পেয়ে হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায় সে। ওই বারান্দায় কোনো গ্রিল ছিল না। সেখানে পিলারের প্লাস্টারের কাজ করছিলেন মিস্ত্রিরা। নির্মাণকাজ চলায় জায়গাটি ছিল কিছুটা অরক্ষিত।

দুর্ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে ১০ নম্বর ওয়ার্ডে নেওয়া হয়। সেখানে তার শরীরে স্যালাইন দেওয়া হয়। বেলা আড়াইটার দিকে ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একটি টেবিলের উপর পড়ে আছে শিশুটির নিথর দেহ। তখনো তার শরীরে স্যালাইন লাগানো ছিল। নাক দিয়ে রক্ত ঝরছিল। শিশুটিকে একনজর দেখতে সেখানে রোগীর স্বজনদের ভিড় জমে। তাদের সামলাতে ব্যস্ত ছিলেন দুজন আনসার সদস্য।

এদিকে ১১ নম্বর ওয়ার্ডের সামনের করিডরে একটি বিছানায় বসে আহাজারি করছিলেন বাবা হৃদয় আলী। অসুস্থ শরীর নিয়েই সন্তান হারানোর শোকে ভেঙে পড়েন তিনি। পাশেই ছিল তার ছয় বছরের মেয়ে উম্মে খাদিজা। যে পরিবারটি নিজেরাই চিকিৎসার জন্য হাসপাতালে অসহায় অবস্থায় ছিল, তাদেরই এখন সন্তান হারানোর শোক সইতে হচ্ছে।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ওটা নির্মাণাধীন জায়গা, কিছুটা অরক্ষিত ছিল। বাচ্চাটা অভিভাবকহীন অবস্থায় ছিল। বাচ্চাটা খেলতে খেলতে পড়ে গেছে। দ্রুত চিকিৎসা শুরু হলেও শিশুটিকে বাঁচানো যায়নি।

তিনি আরও বলেন, হাসপাতালের দাপ্তরিক ও পুলিশের আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গুতে প্রাণ গেল গৃহিণীর, রামেকে নতুন ভর্তি ৫৫

ডেঙ্গুতে প্রাণ গেল গৃহিণীর, রামেকে নতুন ভর্তি ৫৫

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্নপথে

বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্নপথে

আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন

সার না পেয়ে মহাসড়কে চার শতাধিক কৃষক, অতঃপর...

সার না পেয়ে মহাসড়কে চার শতাধিক কৃষক, অতঃপর...

ঘটনার সময় কারাগারে তবু নাম এজাহারে, পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা

ঘটনার সময় কারাগারে তবু নাম এজাহারে, পুলিশের বিরুদ্ধে স্বপ্রণোদিত মামলা

আরও পড়ুন

সিলেটে অস্ত্র-গুলিসহ ২ ভারতীয় আটক

সিলেটে অস্ত্র-গুলিসহ ২ ভারতীয় আটক

‘দানের টাকাও চুরি হয়ে গেল!’ চিরকুমার মোসলেমের বুকফাটা কান্না

‘দানের টাকাও চুরি হয়ে গেল!’ চিরকুমার মোসলেমের বুকফাটা কান্না

মহাসড়কে ডাকাতি ঠেকাতে যে উদ্যোগ নিলেন এমপি

মহাসড়কে ডাকাতি ঠেকাতে যে উদ্যোগ নিলেন এমপি

ডেঙ্গুতে প্রাণ গেল গৃহিণীর, রামেকে নতুন ভর্তি ৫৫

ডেঙ্গুতে প্রাণ গেল গৃহিণীর, রামেকে নতুন ভর্তি ৫৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম