ডিবির অভিযানের ৩৩৪ বস্তা জিরা হয়ে গেল ২৬০
যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ট্রাকে ছিল ৩৩৪ বস্তা জিরা। আমদানিকারকের ভারতীয় এই জিরা ব্রাহ্মণবাড়িয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটকের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে ২৬০ বস্তা। ডিবির জব্দ তালিকা ও সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬০ বস্তা উল্লেখ করায় বাকি ৭৪ বস্তা গায়েবের অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল ৪টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে জিরাভর্তি ট্রাকটি আটক করে ডিবি পুলিশ। পরে তল্লাশি করে ২৬০ বস্তায় ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধারের তথ্য দেওয়া হয়।
ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা এসব জিরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সিলেটের জৈন্তাপুর থানার হেমু হাউদপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাহনূর আলম এবং রাজশাহীর পুঠিয়া থানার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মো. ফুলসুরের ছেলে মো. সুরুজ মিয়া। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে বলেও জানিয়েছে ডিবি।
অন্যদিকে আমদানিকারক মাহবুব উল্লাহ রকির দাবি, গত মাসে ভারতের ডাউকি স্থলবন্দর দিয়ে তিনি বৈধভাবে জিরা আমদানি করেন। ঢাকার বাজারে দাম ও চাহিদা কম থাকায় লোকসানের আশঙ্কায় জিরাগুলো সিলেটে গুদামজাত করে রেখেছিলেন। পরে সংশ্লিষ্ট সার্কেলের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) গুদাম পরিদর্শনে গেলে তার পরামর্শে মালামাল ঢাকায় নেওয়ার জন্য ট্রাকে তোলেন।
তার ভাষ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ ট্রাকটি আটক করে। ট্রাক আটকের পর তারা পুলিশকে আমদানিসংক্রান্ত কাগজপত্র দেখানোর চেষ্টা করেন এবং মালামাল যাচাইয়ের অনুরোধ জানান। ডিবি কর্মকর্তারা পরদিন সকালে সিদ্ধান্ত জানানোর কথা বললেও পরে মামলা ও জব্দের প্রক্রিয়া শুরু করেন।
রকির দাবি, তিনি প্রায় ১০ হাজার ২০ কেজি জিরা আমদানি করেছিলেন, যা ৩৩৪ বস্তার সমান। কিন্তু ডিবি ২৬০ বস্তা দেখিয়ে জব্দ তালিকা তৈরি করেছে। বাকি ৭৪ বস্তার হিসাব কী, তা তারা বুঝতে পারছেন না।
তিনি জানান, তার আমদানি করা মাল এখনো লোকসানে রয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাবেন। তিনি প্রশাসনের কাছে হয়রানি নয়, সহযোগিতা ও ন্যায়সংগত আচরণ প্রত্যাশা করেন। প্রশাসনের প্রতি তাদের সব সময় শ্রদ্ধা ও সম্মান রয়েছে এবং প্রশাসন ব্যবসায়িক নিরাপত্তা দেয়। কিন্তু বৈধ কাগজপত্র থাকার পরও এভাবে হয়রানির শিকার হলে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে।
আমদানিকারকের দাবির বিষয়ে তামাবিল স্থলবন্দরের সহকারী রিভিউ কর্মকর্তা (এআরও) নুর আলম সিদ্দিকী জানান, ৩৩৪ বস্তার কাগজপত্র ঠিক আছে। তবে কেন ডিবি আটক করেছে, তা তার বোধগম্য হচ্ছে না।
অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা (ডিবি) শাখার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, ৩৩৪ বস্তা নয়, তারা ২৬০ বস্তা পেয়েছেন। কোনো কাগজপত্র দেখাতে না পারায় মালামাল জব্দ করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম জানান, তারা যতটুকু জানতে পেরেছিলেন, ওই পক্ষের কাছে কোনো কাগজপত্র ছিল না। তবে আজ একটি পক্ষ কাগজপত্র আছে বলে জানিয়েছে। সেগুলো সরবরাহ করার কথা থাকলেও এখনো পুরোপুরি দেওয়া হয়নি। আর যদি বেশি মাল জব্দ করে কম দেখানো হয়ে থাকে, তাহলে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
