ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ল্যাবে মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে বিরোধ ও মারধরের ঘটনা ঘটেছে। এতে নাজমুল ইসলাম নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগ ও লালন শাহ হলে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার বিকাল ৫টার দিকে কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব চলাকালীন ওই বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম ল্যাবে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় একই ব্যাচের সহপাঠী আসিফ তন্ময় তার কাছে ল্যাবে মোবাইল ব্যবহারের কারণ জানতে চান। একপর্যায়ে আসিফ তন্ময় ও একই বিভাগের শিক্ষার্থী তৌফিক ইসলাম তার মোবাইল ফোনটি কেড়ে নেওয়ার চেষ্টা করলে নাজমুল ইসলাম তাদের দুজনকে গালিগালাজ করেন।
এ ঘটনার জেরে ল্যাব শেষে আসিফ তন্ময় ও তৌফিক ইসলাম বিষয়টি একই ব্যাচের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের শিক্ষার্থী সাফওয়ান আহমেদ ইফাজকে জানান। এরই ধারাবাহিকতায় সন্ধ্যা ৬টার দিকে সাফওয়ান আহমেদ ইফাজের নেতৃত্বে ৮ থেকে ১০ জন শিক্ষার্থী লালন শাহ হলে নাজমুল ইসলামের নিজ কক্ষে গিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় আসিফ তন্ময় ও তৌফিক ইসলাম তাকে এলোপাতাড়ি চড়-ঘুষি মারলে নাজমুল ইসলামের বাম চোখে গুরুতর আঘাত লাগে।
খবর পেয়ে হলের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত নাজমুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মেডিকেল সেন্টারে পাঠানো হয়।
এ বিষয়ে কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ হাসান আলী যুগান্তরকে বলেন, লেদার ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের ভেতর ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছে। কোনো অপহরণের ঘটনা ঘটেনি। আহত শিক্ষার্থীকে কুয়েট মেডিকেল থেকে চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বিষয়টি ডিপার্টমেন্টের শিক্ষকরা দেখভাল করছে। আমাদের কাছে কোনো অভিযোগ আসলে আমরা ব্যাপারটি দেখব।

-6af9a23a1e403.jpg)