Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩২ কারখানা

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩২ কারখানা

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩২ কারখানা

Advertisement

মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকায় বিক্ষোভে নামেন পোশাক শ্রমিকরা।

এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পালটাধাওয়া, সড়ক অবরোধ এবং কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সাভার ও আশুলিয়ায় মোট ৩২টি কারখানা বন্ধ রয়েছে।

এছাড়া আন্দোলনে সহিংসতা ও উসকানির অভিযোগে সাভার মডেল থানায় দায়ের করা ১১টি মামলায় এ পর্যন্ত ১১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, টানা দুই দিন পরিস্থিতি শান্ত থাকার পর মঙ্গলবার সকাল থেকেই সাভারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। সকালে রাজফুলবাড়িয়ার হেমায়েতপুর পদ্মার মোড়ে হাজিরা দিয়েই সড়কে নেমে আসেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের দেখাদেখি পাশের আরেকটি কারখানার শ্রমিকরাও সড়কে নেমে চালু থাকা অন্যান্য কারখানার দিকে অগ্রসর হতে থাকেন। এ সময় পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশসহ ৩০ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।

সকালে হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় শামস স্টাইলিংয়ের শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বাগবাড়ি মোড়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পুলিশ বাধা দিলে শ্রমিকরা মুখোমুখি অবস্থান নেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে শ্রমিকরা পুনরায় জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া চলে। এছাড়া সাভারের ফুলবাড়িয়া এলাকায় শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

অন্যদিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে সড়কে নামার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। একইভাবে আশুলিয়ার খেজুর বাগান এলাকার একটি কারখানার শ্রমিকরাও রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্পাঞ্চল সূত্রে জানা গেছে, মঙ্গলবার আশুলিয়ায় ৩০টি এবং সাভারে দুটিসহ মোট ৩২টি তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। আশুলিয়ার বন্ধ ৩০টি কারখানার মধ্যে ২১টি অনির্দিষ্টকালের জন্য এবং শ্রম আইনের ১৩ (১) ধারায় ৯টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোর মূল ফটকে টানানো নোটিশে বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন, সহিংসতা, বেআইনি ধর্মঘট ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না বলে উল্লেখ করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ায় বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, সকাল থেকেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত ছিল। তবে এই আন্দোলনে শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরাও যুক্ত হয়ে উসকানি দিচ্ছে বলে দাবি করেন তিনি।

ওসি বলেন, পুলিশ কোনো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে। আন্দোলনে সহিংসতা ও উসকানির ঘটনায় সাভার মডেল থানায় মোট ১১টি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ১১৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং মূল হোতাদের গ্রেফতারে অভিযান চলছে।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া দুপুরে যুগান্তরকে বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কঠোরভাবে মোকাবিলা করা হবে। নিরাপত্তার স্বার্থে সাভারে বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে দফায় দফায় শ্রমিক বিক্ষোভে বন্ধ ৫৬ কারখানা

গাজীপুরে দফায় দফায় শ্রমিক বিক্ষোভে বন্ধ ৫৬ কারখানা

মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, আটক দু-চারজন

মিরপুরে শ্রমিকদের সড়কে নামার চেষ্টা, আটক দু-চারজন

ফের উত্তপ্ত মিরপুর, মুখোমুখি পোশাকশ্রমিক-পুলিশ

ফের উত্তপ্ত মিরপুর, মুখোমুখি পোশাকশ্রমিক-পুলিশ

আবারও রণক্ষেত্র গাজীপুর, কী হচ্ছে সেখানে?

আবারও রণক্ষেত্র গাজীপুর, কী হচ্ছে সেখানে?

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

আরও পড়ুন

বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

বাংলাদেশে ঢুকে নাগরিকদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩২ কারখানা

সাভার-আশুলিয়ায় ফের শ্রমিক বিক্ষোভে বন্ধ ৩২ কারখানা

যে কারণে পদত্যাগ করলেন এমপি ওসমান ফারুক

যে কারণে পদত্যাগ করলেন এমপি ওসমান ফারুক

বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে: রিজভী

বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটিয়েছে: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম