রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:১৭ এএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৬টা ২৪ মিনিটের দিকে জ্বালানিবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা হয় লরিগুলো।
সেনাবাহিনীর নিরাপত্তায় যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে রূপপুর পৌঁছায় এসব চালান। পথে মহাসড়কের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন থাকতে দেখা যায়। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআরবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টিসহ মোট সাতটি চালান রূপপুরে এসেছে।
পুলিশ জানিয়েছে, জ্বালানি পরিবহণের সময় যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে পুরো পরিবহণ কার্যক্রম সম্পন্ন হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গোতে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার কথা রয়েছে। এর মধ্যে শুক্রবার সপ্তম চালানটি প্রকল্প এলাকায় পৌঁছেছে।
এ ছাড়া প্রথম ইউনিটে জ্বালানি পুনঃস্থাপনের জন্য দুটি কার্গোতে আরও ৪৮টি অ্যাসেম্বলি দেশে আনা হবে।
চলতি নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও দুইটি ফ্লাইটে রাশিয়া থেকে ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রসাটম জানিয়েছে, ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ করবেন তারা।
এর আগে ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি দেশে পৌঁছায়। ওই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আরও চারটি চালানে জ্বালানি প্রকল্প এলাকায় নেওয়া হয়।
চলতি বছরের মে মাসে প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লিতে জ্বালানি স্থাপনের কাজ শেষ হয়। প্রায় দেড় বছর পর ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এ জন্য গত ৩ অক্টোবর প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানির একটি চালান রূপপুরে আনা হয়। সর্বশেষ ১৪ নভেম্বর দ্বিতীয় ইউনিটের ষষ্ঠ চালানের জ্বালানি প্রকল্প এলাকায় পৌঁছায়।
চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে। কেন্দ্রটির দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
ইতোমধ্যে প্রকল্পটির প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে৷ ইউনিটটি থেকে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো সাড়ে ৮ ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা।
তারা জানান, একশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে ধাপে ধাপে আরও কয়েকটি পরীক্ষা চালানো হবে। এতে সময় লাগবে আরও কয়েকমাস। পাশাপাশি দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে। এরই মধ্যে এ ইউনিটের জন্য জ্বালানি সরবরাহ শুরু হয়েছে।
