দেশের বাইরে আমাদের কোনো ঠিকানা নেই: মীর শাহে আলম
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর সামনে রেখে গোবিন্দগঞ্জের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
|
ফলো করুন |
|
|---|---|
দেশের মানুষের কল্যাণে যা প্রয়োজন, বিএনপি সরকার তা বাস্তবায়নে কাজ করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, দেশের বাইরে আমাদের কারও কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকব এবং এ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব। জনগণের সব আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করবে।
আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকালে করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি পালনের সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর সামনে রেখে শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জে পৌঁছে কর্মসূচি পালনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তার সঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন। তারা কর্মসূচি বাস্তবায়নের স্থান, সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে মীর শাহে আলম বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সফর সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে দীর্ঘদিনের প্রত্যাশিত করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন। নদী খনন করা হলে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা, জলাবদ্ধতা নিরসন, কৃষি ও পরিবেশের উন্নয়নসহ স্থানীয় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন এলাকাবাসী। বিশেষ করে নদীকেন্দ্রিক জনপদের মানুষের কাছে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ছাড়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানপ্রধানদের সম্মানি প্রদান কর্মসূচির মাধ্যমে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের সম্পৃক্ততা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি পথসভায় বক্তব্য দেবেন বলেও জানা গেছে। এসব পথসভায় স্থানীয় জনগণের প্রত্যাশা, এলাকার সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলের প্রতিনিধিরা।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে গোবিন্দগঞ্জের সার্বিক উন্নয়ন, নদী খনন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করে যাচ্ছে। দেশের মানুষের জন্য যেসব উদ্যোগ কল্যাণকর, সেগুলো বাস্তবায়নেই সরকার অগ্রাধিকার দেবে।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

