পরকীয়া ফাঁস হওয়ায় মা-ছেলেকে হত্যার অভিযোগ, গ্রেফতার ২
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সুন্দরগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূ ও তার ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের সতিন শাহিনা বেগম ও তার কথিত প্রেমিক বাদলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর অন্য আসামিরা পালিয়ে গেলেও ঘটনাটির রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) রাতে নিহতের বাবা ডা. আতোয়ার রহমান বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত শাহিনা বেগমের সঙ্গে আব্দুর রাজ্জাকের বিয়ের পর থেকেই তার প্রথম স্ত্রী আইনুর নাহার আঁখি ও সন্তানদের নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে স্বামীর সঙ্গে শাহিনার দূরত্ব তৈরি হয়। এর মধ্যে প্রতিবেশী বাদলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন শাহিনা। স্বামীর অনুপস্থিতিতে বাদলকে নিজের ঘরে নিয়ে রাত কাটাতেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি প্রথম স্ত্রী আঁখি ও প্রতিবেশীদের নজরে আসে। এ নিয়ে বিরোধ আরও বাড়ে।
অভিযোগ রয়েছে, পরকীয়ার বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় আঁখি ও তার সন্তানকে পথের কাঁটা মনে করতে থাকেন শাহিনা ও বাদল। স্বামী আব্দুর রাজ্জাকের পরামর্শে তাদের হত্যার পরিকল্পনা করা হয়। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান দুই দফা বৈঠক করলেও কোনো সমাধান হয়নি।
গত ১৭ নভেম্বর বিকালে সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী দুলাল গ্রামের নিজ বাড়ির একটি ঘর থেকে আইনুর নাহার আঁখি ও তার ছয় বছর বয়সি ছেলে আদিলের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়।
নিহতের বাবার দায়ের করা মামলার এজাহারে আব্দুর রাজ্জাক আকন্দের দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগম (২৬), তার ‘কথিত প্রেমিক’ মোকলেছুর রহমান বালাজুর ছেলে আনন্দ বাবু বাদল (২৪), সবুজ মিয়া (৩৬), আব্দুর রাজ্জাক আকন্দ (৪০), আমজাদ হোসেন (৫২), মহিরেন বেগম (৪৬), ফুলমতি বেগম (৩৭), রফিকুল ইসলাম রাজা (৪৪) ও মোকলেছুর রহমানকে (৪৭) আসামি করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, আব্দুর রাজ্জাকের কর্মস্থল বামনডাঙ্গা থেকে ঠাকুরগাঁওয়ে বদলি হলে আঁখি ও তার সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকেই তাদের ক্ষতি করার পরিকল্পনা চলছিল। সর্বশেষ ১৭ নভেম্বর আব্দুর রাজ্জাকের নির্দেশে শাহিনাসহ অন্য আসামিরা পরিকল্পিতভাবে আঁখি ও তার ছেলে আহনাব আদিলকে শ্বাসরোধে হত্যা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার ওসি সেলিম রেজা বলেন, মা ও ছেলেকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। এজাহারের প্রধান আসামি শাহিনা বেগমকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

-6afee2de016d8.jpg)