আবারও বোমাসহ গ্রেফতার ‘জঙ্গি মামুন’
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
নাজমুল হাসান মামুন ওরফে ‘জঙ্গি মামুন’। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘জঙ্গি মামুন’ প্রায় তিন মাস ধরে পরিচয় গোপন করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামে আত্মগোপনে ছিলেন। বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাতের পর স্থানীয় লোকজনের হাতে আটক হন তিনি। এ সময় নিজের নাম সাইফুল ইসলাম সুজন বলে পরিচয় দেন। পরে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার প্রকৃত পরিচয় জানতে পারে পুলিশ।
ওই গ্রামে ভাড়া বাসার উঠানের মাটির নিচে গর্ত থেকে উদ্ধার করা হয়েছে ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার (২১ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। তবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি মামুন। তার আরও ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) আদালতে এ বিষয়ে শুনানি রয়েছে।
পুলিশ জানায়, ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মামুন। এ সময় ইউনিয়নের ওয়ার্ড বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করলে পালানোর চেষ্টায় একটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশের ভাষ্য, আটকের পর ওই ব্যক্তি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদরে বলে জানান। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর ১৭ নভেম্বর তার রিমান্ড মঞ্জুর হয়। রায়পুর থানায় জিজ্ঞাসাবাদ ও পাঁচ দিনের রিমান্ডে তার প্রকৃত পরিচয় বেরিয়ে আসে। তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি ‘জঙ্গি-বোমারু মামুন’ নামে পরিচিত।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামুনের ভাড়া বাসার উঠানের মাটির নিচে গর্ত থেকে ১১টি আইইডি উদ্ধার করা হয়েছে। পরে ১২ নভেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল বোমাগুলো নিষ্ক্রিয় করে। মামুনকে বিস্ফোরক আইনে করা পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও ১৬টি মামলা রয়েছে। এ কারণে তাকে পুলিশের স্পেশাল রেসপন্স টেররিজম ইউনিটের (এসআরইউ) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন থানায় ১৬টি মামলার তথ্য পাওয়া গেছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারের প্রায় তিন মাস আগে পরিচয় গোপন করে রায়পুরের চরলক্ষ্মী গ্রামে ওই বাড়ি ভাড়া নেন মামুন। সেখানে এক নারী ও এক পুরুষের সঙ্গে বসবাস করতেন তিনি। বাড়ির মালিককে তারা জানিয়েছিলেন, মেঘনার চর এলাকায় পোলট্রি খামার করবেন।
জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন মামুন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। তখন তার বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল।
তখন পুলিশ জানিয়েছিল, মামুন নব্য জেএমবির শুরা কাউন্সিলের সদস্য ছিলেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি। এরপর থেকে পলাতক ছিলেন।
পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থানে বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনায় মামুন ও তার সহযোগী মোহাম্মদ আরিফ ওরফে ইমরানের সংশ্লিষ্টতার তথ্য পান তদন্তকারীরা।
