Logo
Logo
×

Advertisement

সারাদেশ

খোলা মাঠে ছাত্রীদের পাঠদান, গোপনে ভিডিও করে ফেসবুকে ছাড়ছে বখাটেরা

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম

খোলা মাঠে ছাত্রীদের পাঠদান, গোপনে ভিডিও করে ফেসবুকে ছাড়ছে বখাটেরা

ছবি: যুগান্তর

Advertisement

জরাজীর্ণ টিনের ভবন। চারদিকে হাজারো ফুটো। হেলে পড়েছে বাঁশের খুঁটি। নেই জানালা-দরজা। দেখে মনে হবে দুর্ভিক্ষ এলাকার কোনো স্কুল। কিন্তু না, এটি পাবনার চাটমোহর উপজেলার ধানকুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অবস্থা। 

শ্রেণিকক্ষ সংকটের কারণে বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মধ্যে অন্যতম এই নারী বিদ্যাপীঠের অবস্থা একেবারেই নাজুক। এমপিওভুক্ত এই বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের পাশাপাশি রয়েছে বেঞ্চ সংকট। 

শুধু তাই নয়, সীমানা প্রাচীর না থাকায় গোপনে ভিডিও ধারণ করে টিকটক বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও আছে স্থানীয় যুবকদের (বখাটে) বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে এই বিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। সংশ্লিষ্ট দপ্তরের কাছে একটি নতুন ভবন ও সীমানা প্রাচীরের আবেদন জানিয়েও মেলেনি কোনো ফল। সংশ্লিষ্ট দপ্তর এ ব্যাপারে একেবারেই উদাসীন।

রোববার (২২ নভেম্বর) সরেজমিন গিয়ে দেখা যায়, স্কুলের দুই পাশে বেশকিছু ঘরবাড়ি। পাশেই ধানকুনিয়া বাজার। আরেক পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশাল মাঠ। মাঠের মধ্যে রোদে দেওয়া হয়েছে ধান। জরাজীর্ণ টিনের ভবনের পাশের খোলা মাঠে রোদে বসে নবম ও দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থী পাঠগ্রহণ করছে। জরাজীর্ণ টিনের ঘরটি হেলে পড়েছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। তীব্র রোদ ও গরমে একদিকে যেমন শিক্ষার্থীদের পাঠগ্রহণ ব্যাহত হচ্ছে, তেমনি নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। সীমানা প্রাচীর না থাকায় স্কুলের মাঠের ভেতরে স্থানীয় লোকজনের আনাগোনাও ব্যাপক। স্কুলটিতে নেই কোনো ল্যাবরেটরি। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ে হাতে-কলমে কোনো কিছু শিখতে পারে না এই বিদ্যালয়ে। এছাড়া টয়লেটের অবস্থাও শোচনীয়। একটিমাত্র টয়লেট প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক ব্যবহার করে থাকেন। অন্যদিকে শিক্ষকরা কোনোমতে জোড়াতালি দেওয়া টিনশেড ঘরের একটি কক্ষে গাদাগাদি করে বসেন। এতে তারাও নানা ধরনের কষ্টের সম্মুখীন হচ্ছেন।

জানা গেছে, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় ধানকুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকেই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র নারী শিক্ষার্থীদের জন্য এই স্কুলটি আশীর্বাদ হয়ে ওঠে। অল্প দিনেই এলাকায় বেশ প্রশংসা কুড়ায় ধানকুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। বর্তমানে স্কুলটিতে আড়াইশর অধিক নারী শিক্ষার্থী পড়ালেখা করছে। সেখানে ২০১৯ সালে সেখানে একটি তিনকক্ষবিশিষ্ট একতলা ভবন নির্মাণ করা হয়। কিন্তু শিক্ষার্থী অনুপাতে সেই ভবনের তিনটি কক্ষে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান চলে। নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের চলে খোলা মাঠে পাঠদান। ঝড়-বৃষ্টি শুরু হলে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়। আর শীতকালে কুয়াশা ও রোদে খোলামাঠে চলে পাঠদান। এতে মাঝেমধ্যেই অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। অভিভাবকরাও সন্তানদের স্কুলে পাঠিয়ে উদ্বিগ্ন থাকেন।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল জিন্নাত জয়া, চৈতি খাতুন, নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া, মিথিলা আক্তারসহ বেশ কয়েকজন শিক্ষার্থী যুগান্তরকে বলে, স্কুলে শ্রেণিকক্ষ সংকটের কারণে খোলা মাঠে পাঠগ্রহণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছি। বিশেষ করে বাইরের লোকজন তাকিয়ে থাকে আর হাসে। অনেক বখাটে এসে গোপনে মোবাইলে ভিডিও ধারণ করে। সেই ভিডিও টিকটক বা ফেসবুকে ছেড়ে দেয়। এতে আমরা খুব অস্বস্তিতে পড়ি। আমরা খেলাধুলা করতে পারি না ওদের অত্যাচারে। নিরাপত্তা শঙ্কায় থাকি। স্কুলে নেই কোনো ল্যাবরেটরি। টয়লেটও একটা। নানা সমস্যার মধ্য দিয়ে এই স্কুলে আমরা পড়ালেখা করছি। স্কুলে অতিদ্রুত একটি নতুন ভবন ও সীমানা প্রাচীর নির্মাণের দাবি জানাচ্ছি।

ধানকুনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ যুগান্তরকে জানান, আমাদের এই স্কুলে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থী পড়ালেখা করে। শ্রেণিকক্ষ সংকটের কারণে সত্যিই মেয়েদের খুব কষ্ট হয়। সীমানা প্রাচীর না থাকায় মেয়েরা মাঠে খেলাধুলা করতে পারে না। বখাটেরা মোবাইলে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়। যে কারণে সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়। সংশ্লিষ্ট দপ্তর বরাবর বেশ কয়েকবার একটি নতুন ভবন ও সীমানা প্রাচীর নির্মাণের আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত আশ্বাস ছাড়া কিছুই পাইনি।

এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম যুগান্তরকে জানান, আমি নিজে স্কুল পরিদর্শনে গিয়ে নানা সমস্যা দেখেছি। এমনকি স্কুলের মাঠের মধ্যে বাঁশের হাট বসানো হয়। বিষয়টি নজরে আসার পর হাট বন্ধ করতে বলেছি। সত্যিই ওই স্কুলে নতুন ভবন ও সীমানা প্রাচীর প্রয়োজন। আমি স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের বিভিন্ন দপ্তরে আবেদন দিতে বলেছি এবং বিষয়টি আমিও আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো রুবিয়া নিজেই আক্রান্ত!

ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানো রুবিয়া নিজেই আক্রান্ত!

পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

আ.লীগ পরিচয় পেলে ভিক্ষা নিতেন না মকবুল

আ.লীগ পরিচয় পেলে ভিক্ষা নিতেন না মকবুল

পুথির সুরে মাতল গ্রাম

এ যেন শেকড়ে ফেরা পুথির সুরে মাতল গ্রাম

অটিজমকে জয় করে এসএসসিতে মিথিলার সাফল্য

অটিজমকে জয় করে এসএসসিতে মিথিলার সাফল্য

আরও পড়ুন

গোপালগঞ্জে আ.লীগের মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

গোপালগঞ্জে আ.লীগের মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

খোলা মাঠে ছাত্রীদের পাঠদান, গোপনে ভিডিও করে ফেসবুকে ছাড়ছে বখাটেরা

খোলা মাঠে ছাত্রীদের পাঠদান, গোপনে ভিডিও করে ফেসবুকে ছাড়ছে বখাটেরা

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আতাউর গ্রেফতার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা আতাউর গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম