গোপালগঞ্জে আ.লীগের মিছিলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫০ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন লঞ্চঘাট গোলচত্বর এলাকায় চরমানিকদাহ ও ঘোষেরচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- চরমানিকদাহ গ্রামের জাহিদুর রহমান (১৯), সাহাবুল মোল্লা (৪০), জাহিদুল মোল্লা (৩৭) ও রাকিবুল মোল্যা (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজন গোলচত্বর এলাকায় জড়ো হন। এ সময় দুই গ্রামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের কয়েকজন বিভিন্ন বেসরকারি ক্লিনিকেও চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে সংঘর্ষে জড়িত ব্যক্তিরা সরে যান।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
