কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুপক্ষের সংঘর্ষ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মশিউর রহমান (৪২), মিকাইল ইসলাম টুটুল (৫২) ও জায়েদ শেখকে (৩৬) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মিকাইল ইসলাম টুটুলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মশিউর রহমানের সঙ্গে আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলামের মিছিলে দাঁড়ানো নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের লোকজন আহত হন।
কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা মশিউর রহমান অভিযোগ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ মিছিল নিয়ে তারা দক্ষিণ হিরণ গ্রামে পৌঁছালে জামায়াত নেতা মুন্সী রইচ উদ্দিনের ভাই শফিকুল ইসলাম লোকজন নিয়ে তাদের ওপর হামলা করেন। এ ঘটনায় তিনি নিজেসহ কয়েকজন আহত হয়েছেন।
অন্যদিকে শফিকুল ইসলাম বলেন, তার বড় ভাই মুন্সী রইচ উদ্দিন বিদেশে থাকেন এবং কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তিনি নিজে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
তার অভিযোগ, আগামী হিরণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার ভাই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হওয়ায় মশিউর রহমান ক্ষুব্ধ হয়ে প্রথমে তার ওপর হামলা করেন। এতে তিনিসহ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি তাদের পাঁচটি দোকানঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
এ বিষয়ে কোটালীপাড়া থানার ওসি নয়ন চন্দ্র দেবনাথ জানান, দুই পক্ষের সংঘর্ষের কথা তিনি শুনেছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-6b048d4c128e1.jpg)