হাসিনার গন্তব্য ফাঁসির মঞ্চ: গণপূর্ত প্রতিমন্ত্রী
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে
|
ফলো করুন |
|
|---|---|
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন বলেছেন, ‘খুনি হাসিনা যেখানেই থাকুক না কেন, তার রায় হয়ে গেছে। তার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে। বাংলাদেশ নয়, তার একটাই গন্তব্য ফাঁসির মঞ্চ। হাসিনার বিচার তো হয়েছেই, তার সঙ্গে যারা দোসর আছে, তাদেরও আমি সাবধান করে দিচ্ছি—আপনারা আর ষড়যন্ত্রের দিকে এগোবেন না।’
পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি পরিবহণ বাসে অগ্নিসংযোগ ও ঘুমন্ত অবস্থায় হেলপার সিয়াম নিহতের ঘটনায় এবং দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ভান্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সকালে পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমনের নেতৃত্বে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের বাসস্ট্যান্ডের কলেমা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জ ও ভান্ডারিয়াসহ সারা দেশে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আতঙ্কিত হবেন না। প্রশাসন সজাগ রয়েছে, সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। শান্ত ভান্ডারিয়াকে অশান্ত করবেন না। যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জেপি) করেছে, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি শান্তিপূর্ণ দল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক দল নয়। খুব শিগগিরই অশান্ত গোপালগঞ্জ শান্ত হয়ে যাবে।
বাসে আগুন দিয়ে হেলপারকে পুড়িয়ে মারার ঘটনায় গভীর শোক ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, এ নারকীয় ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি প্রশাসনের কাছে আমার অনুরোধ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করতে হবে, যাতে কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন- ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ জোমাদ্দার, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শামীম হাওলাদার, পৌর যুবদলের আহ্বায়ক মেহেদি হাসান মুন্সি, সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম হোসেন হিরন ও আরিফ মৃধাসহ দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ এবং বরিশাল মালিক সমিতির ‘বাহক’ নামের দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা হেলপার সিয়াম আগুনে পুড়ে নিহত হন।
