|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহী মহানগরীর উপকণ্ঠ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় ময়না বেগম ও শাহাদাত হোসেন নামের ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লায়।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে এসআরবি-৫-এর একটি দল শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় এ অভিযান চালায়।
একই দিনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ হাসান আলী ও আব্দুর রহিম নামের দুজনকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব অভিযানের বিস্তারিত তুলে ধরেন এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক।
তিনি জানান, শিবগঞ্জের হাটপাড়া এলাকায় হাসান আলী ও আব্দুর রহিমকে গ্রেফতারের পর তাদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ওই অস্ত্র, গুলি ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে। অন্যদিকে নওদাপাড়া থেকে হেরোইনসহ গ্রেফতার ময়না বেগম ও শাহাদাত হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গত ছয় মাসের অভিযানসংক্রান্ত তথ্যও তুলে ধরে এসআরবি। জানানো হয়, এ সময়ে ১৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৯ জনকে। এছাড়া একই সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে বাহিনীটি।
