গণভবনে পাওয়া রাজনৈতিক সিভি জুলাই জাদুঘরে, কি লেখা আছে এতে?
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
ছবি: এআই দিয়ে পরিমার্জিত
|
ফলো করুন |
|
|---|---|
গণভবন থেকে পাওয়া একটি রাজনৈতিক জীবনবৃত্তান্ত (সিভি) ঘিরে আলোচনায় এসেছেন নেত্রকোনার বারহাট্টা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল কবির খোকন।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর (July Mass Uprising Memorial Museum)-এর ফেসবুক পেজে প্রকাশিত ওই সিভিতে তার রাজনৈতিক পরিচয়, সাংগঠনিক সম্পৃক্ততা ও দলীয় কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য উঠে এসেছে।
প্রকাশিত সিভিতে খায়রুল কবির খোকন নিজেকে বারহাট্টা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সাধারণ সম্পাদক এবং জয় বাংলা সাংস্কৃতিক জোটের বারহাট্টা শাখার প্রধান উপদেষ্টা হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য এবং ২০০৪ সালে বারহাট্টা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে সমানসংখ্যক ভোট পাওয়ার তথ্যও এতে উল্লেখ রয়েছে।
সিভিটি প্রচলিত চাকরির আবেদনসংক্রান্ত জীবনবৃত্তান্ত নয়; বরং রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরে তৈরি একটি রাজনৈতিক সিভি।
জানা গেছে, ২০২২ সালে বারহাট্টা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সময় এই সিভি উপস্থাপন করেছিলেন খায়রুল কবির খোকন। পরবর্তী সময়ে তিনি বারহাট্টা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবর্ষণ, বিএনপির সমাবেশের মঞ্চ ভাঙচুর ও ল্যাব ভাঙচুরসহ একাধিক ঘটনায় দায়ের করা মামলায় তার নাম আসে। এসব মামলায় প্রায় দেড় বছর কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।
গণভবনে পাওয়া এই রাজনৈতিক জীবনবৃত্তান্তে দলীয় পরিচয় ও সাংগঠনিক পদ-পদবি বিস্তারিতভাবে তুলে ধরার বিষয়টি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তৎকালীন ক্ষমতাসীন দলের রাজনৈতিক বলয়ে পদপ্রাপ্তি ও দলীয় সম্পৃক্ততার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

