বহিষ্কারের পর এবার সাইবার আইনে মামলা অন্তুর বিরুদ্ধে
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পিএম
অন্তু বিশ্বাস
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বহিষ্কৃত শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বিরুদ্ধে এবার সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।
প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা আসমা ফেরদৌসি বাদী হয়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।
বুধবার (২৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান।
তিনি জানান, আদালতের বিচারক শরমিন জাহান অভিযোগ আমলে নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এটি নিয়মিত মামলা (এজাহার) হিসেবে গ্রহণ ও তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় অন্তু বিশ্বাস ছাড়াও সজল কুমার পালসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭, ১৮(১)(গ), ২২, ২৩, ২৫, ২৬, ২৯, ৩০ ও ৩১(১) ধারায় অভিযোগ আনা হয়েছে। এসব ধারায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার, ইনস্টিটিউটের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বেআইনি প্রবেশ ও তথ্যের ক্ষতিসাধন, সাইবার প্রতারণা, সাইবার সন্ত্রাস, ডিজিটাল মাধ্যমে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলিং এবং ধর্মীয় বা জাতিগত বিদ্বেষমূলক তথ্য প্রচারের অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, অন্তু বিশ্বাস আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শিক্ষকদের সঙ্গে অসদাচরণ, কক্ষে তালাবদ্ধ করে রাখা, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে গত ২ নভেম্বর তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বহিষ্কারের পর অন্তু বিশ্বাস ও তার সহযোগীরা প্রতিষ্ঠানটি ভাঙচুর ও তালাবদ্ধ করে রাখেন এবং শিক্ষক-কর্মকর্তাদের প্রাণনাশের হুমকি দেন। এছাড়া গত ১৪ নভেম্বর বরিশাল রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিষ্ঠান সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করেন বলে মামলায় দাবি করা হয়েছে।
অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে ২৭ লাখ টাকা আদায়সহ নানা অনিয়ম ও হয়রানির প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেন অন্তু বিশ্বাস। আন্দোলনের মুখে কর্তৃপক্ষ ওই টাকা সমন্বয় করে শিক্ষার্থীদের ফেরত দিতে বাধ্য হয়। এর জেরেই অন্তুর ছাত্রত্ব বাতিল করা হয়েছে।
এছাড়া গত ১৯ নভেম্বর নিজের ওপর হামলা ও হত্যার হুমকির অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন অন্তু বিশ্বাস। ওই মামলায় আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের পরিচালক জহিরুল ইসলাম ও ইকরামুল ইসলাম রাজীবকে আসামি করা হলে পুলিশ রাজীবকে গ্রেফতার করে।
অন্তু বিশ্বাস বলেন, প্রতিষ্ঠানের অবৈধ অর্থ আদায় ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় আমাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। এরপর হামলা, হুমকি ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আন্দোলন দমাতেই আমার বিরুদ্ধে নতুন করে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
