তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন
|
ফলো করুন |
|
|---|---|
মন্ত্রীর মর্যাদায় থাকা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, নিষিদ্ধ কার্যক্রমের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। গোপালগঞ্জে দলটির নেতাকর্মীরা যে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অপচেষ্টা প্রতিহত করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকালে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের ভেতরে কোনো ধরনের বিভেদ বা বিভক্তি বরদাশত করা হবে না।
একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও নৈরাজ্য প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পাহাড়সম দুর্নীতির কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওই সময় কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন এবং আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।
তিনি উল্লেখ করেন, পুলিশ প্রশাসন, বেসামরিক প্রশাসন ও বুদ্ধিজীবীরা বিএনপির আহ্বানে সাড়া দিয়েছেন এবং তারা বিএনপির সঙ্গে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করবেন।
গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল। সভায় আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন।
