‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম
আতাউস সামাদ বাবু গ্রেফতার
|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’—এমন হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসা নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা আহ্বায়ক আতাউস সামাদ বাবুকে ফের গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চৈতন্যপুর গ্রামের আ. রউফের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, রোববার সন্ধ্যায় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ইকতার মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আতাউস সামাদকে গ্রেফতার করে। সম্প্রতি মাধবপুর থানায় পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আতাউস সামাদ। ওই বছরের ৬ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল।
জামিনে মুক্তি পাওয়ার পর গত ১৭ অক্টোবর পুলিশের এক কর্মকর্তাকে উদ্দেশ করে দেওয়া তার হুমকিমূলক ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই স্ট্যাটাসে আতাউস সামাদ লেখেন- ‘দেলোয়ার সাহেবদের নাম-ঠিকানা আমরা রাখছি, কারণ তারাও পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবে না ইনশাআল্লাহ।’
স্ট্যাটাসে তিনি দাবি করেন, তাকে গ্রেফতারের জন্য সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন তার বাড়িতে গিয়েছিলেন; তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না এবং পরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিরাজ গ্রেফতার হন। রাজনীতি করতে গিয়ে কয়েকবার কারাগারে যেতে হয়েছে বলেও ওই স্ট্যাটাসে দাবি করেন আতাউস সামাদ।
তবে সে সময় ফেসবুক স্ট্যাটাসে নিজের নামে করা ওই দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছিলেন এএসআই দেলোয়ার হোসেন। কাশিমনগর পুলিশ ফাঁড়িতে কর্মরত এই পুলিশ কর্মকর্তা বলেছিলেন, আতাউস সামাদ তার নামে ফেসবুকে যে বক্তব্য দিয়েছেন, তার কোনো ভিত্তি নেই।
