বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদিম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদিম সবার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখে তিন দিন ধরে সমুদ্র সৈকত কুয়াকাটায় ঘুরে বেড়াচ্ছিলেন। ভ্রমণে যাওয়ার আগে দপ্তর বা পরিবারের কাউকে তিনি কিছু বলেও যাননি। আর তার এ অনুপস্থিতিতে বরিশালজুড়ে তোলপাড় ওঠে ‘বিচারক নিখোঁজ’ বলে। কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হাসান।
অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে কুয়াকাটায় খুঁজে পান বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা। সেখান থেকে রাতে তাকে বরিশাল নিয়ে আসা হয়।
জানা গেছে, মঙ্গলবার দাপ্তরিক কাজ শেষে বাসায় যাওয়ার কথা বলে আদালত থেকে বের হন বিচারক ফারহান নাদিম। এরপরই তিনি উধাও হয়ে যান। রাতে তিনি ফেরেননি বাসায়। মোবাইল ফোনও ছিল বন্ধ। এই ঘটনায় বুধবার কোতোয়ালি মডেল থানায় করা হয় সাধারণ ডায়েরি। সেইসঙ্গে বিচারকের সন্ধানে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হওয়া যায় সর্বশেষ তাকে আলেকান্দা আমতলার মোড় এলাকায় দেখা গেছে। এর আগে এটিএম বুথ থেকে তিনি টাকা তুলেছেন। আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার কিছুক্ষণ পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। তল্লাশির একপর্যায়ে বৃহস্পতিবার বিকালে খবর মেলে তিনি কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে সাগরপাড়ে ভ্রমণ করছেন। তাৎক্ষণিকভাবে বার্তা পাঠানো হয় পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানায়। সেখান থেকে তাকে পুলিশ হেফাজতে নেয়। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের টিম গিয়ে কথিত নিখোঁজ বিচারককে নিয়ে আসে।
কুয়াকাটার বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ফারহান নাদিম কুয়াকাটা পৌঁছান। সাগরপাড়ের ‘সি ভিউ’ হোটেলে তিনি কক্ষ নিয়ে অবস্থান করেন। হোটেলের ম্যানেজার সোলাইমান বলেন, ‘তিনি ১৩ নম্বর কক্ষ ৩ দিনের জন্য ভাড়া নেন। তখন পর্যন্ত আমরা কেউ জানতাম না যে, তিনি একজন বিচারক। বুধবার আমাদের হোটেলের মালিকের সঙ্গে আলাপের সময় তিনি নিজের পরিচয় দেন। এখানে অবস্থানকালে তিনি একাই ছিলেন। চলাফেরা আচার-আচরণে তিনি এতটাই অমায়িক ছিলেন যে, বোঝার উপায় ছিল না তিনি এত বড় দায়িত্বে আছেন।’ বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে হেফাজতে নেওয়ার পর আমরা জানতে পারি যে, তিনি কাউকে কিছু না জানিয়ে এবং মোবাইল বন্ধ রেখে আমাদের হোটেলে অবস্থান করছেন।’
কেন এবং কী কারণে বিচারক ফারহান নাদিম এভাবে আত্মগোপনে গিয়েছিলেন, তা জানতে আদালতের বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও স্পষ্ট কিছু জানা যায়নি। দায়িত্বশীল কর্মকর্তাদের কেউ এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি। মোবাইল ফোন বন্ধ থাকায় বিচারক ফারহান নাদিমের সঙ্গে কথা বলাও সম্ভব হয়নি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, ‘সম্পূর্ণ সুস্থ অক্ষত অবস্থায় তাকে আমরা কুয়াকাটায় পেয়েছি। এরপর তাকে বরিশালে নিয়ে আসা হয়েছে। বিষয়টি সম্পর্কে জজশিপের কর্মকর্তারাও অবগত। তিনি নিজের ইচ্ছাতেই কুয়াকাটা গিয়েছেন বলে আমাদের জানিয়েছেন। কেন এবং কী কারণে তিনি এটা করেছেন, সেটা তিনিই ভালো বলতে পারবেন।’

