পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা
সিলেট ব্যুরো
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের (ইনসেটে) বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা
|
ফলো করুন |
|
|---|---|
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের পারিবারিক বাসার প্রধান গেটে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে নগরের দাঁড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তবে এতে কেউ হতাহত হননি, বাসারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিমন্ত্রীর সিলেট সফরের কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দাঁড়িয়াপাড়ার ওই বাসায় প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্য সদস্যরা বসবাস করেন। হুমায়ুন কবির সিলেট সফরে এলে সাধারণত সেখানেই অবস্থান করেন। শুক্রবার বিকালে তার সিলেটে আসার কর্মসূচি ছিল। ঘটনার সময় বাসার ভেতরে পরিবারের সদস্যরা অবস্থান করছিলেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, দুর্বৃত্তরা বাসার সামনে পেট্রলবোমা নিক্ষেপ করেছিল। তবে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, কাপড় বা কাগজজাতীয় বস্তুতে আগুন ধরিয়ে বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার ও গণমাধ্যম কর্মকর্তা (ডিসি সিটিএসবি) মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার ভোররাত ৩টা থেকে ৪টার মধ্যে টুকরা কাপড় বা কাগজজাতীয় কিছুতে আগুন ধরিয়ে বাসার সামনের গেটে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ইতোমধ্যে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।’
এদিকে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে প্রতিমন্ত্রীর পারিবারিক বাসাটি পরিদর্শন করেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে কোনো আগুন লাগেনি, ঘরের ভেতরেও কেউ প্রবেশ করেনি। এদিক দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা বোমাসদৃশ কিছু একটা ছুড়ে ফেলে পালিয়ে গেছে। এসব দুর্বৃত্ত ছিঁচকে চোরের মতো, তাদের কোনো সাহস নেই। এ ধরনের চোরাগোপ্তা হামলা চালিয়ে দেশের অগ্রগতি কোনোভাবেই ঠেকানো যাবে না।’
