রণজিতের গোপন সভা
গ্রেফতার ২৬ জনের মধ্যে রিমান্ডে ৩ জন, ১১ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদ
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রণজিত চন্দ্র সরকারের গোপন সভার ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১৪ জনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিনজনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি ১১ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক যুগান্তরকে এ তথ্য জানান।
তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে রিমান্ড মঞ্জুর হওয়া তিনজনের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
পুলিশ জানায়, সোমবার (১৬ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে নতুন করে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—পূর্ব জাফলং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলীপ শর্মা (৩২), মধ্য জাফলং ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সদস্য মুজিবুর রহমান সিকদার (৫০), তোয়াকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন (৫৫) এবং সিলেট মহানগর কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের সহ-সভাপতি মো. ফয়েজ আহমদ (৪৩)।
এর আগে রোববার (১৫ নভেম্বর) গ্রেফতার হন- গোয়াইনঘাট উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য মো. মদরিছ আলী সিকদার (৫৫), রুস্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহ-সভাপতি মকলিছুর রহমান (৪৫), পশ্চিম জাফলং ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য ইয়াছিন মুন্সি (৩২) এবং পূর্ব জাফলং ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মাহমুদ (৪১)।
এছাড়া রিসোর্ট থেকে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের রাজু ইসলাম (১৬) ও ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাটের খাসবারহাল গ্রামের ফারুক আহমদ (৫৯) এবং নওয়াবস্তি গ্রামের আলী হোসেন (৩৪) রয়েছেন।
এ মামলায় আগে গ্রেফতার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন— তাহিরপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান ওরফে তারা মিয়া, গোয়াইনঘাট সরকারি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ, উপজেলা কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ, ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, পূর্ব জাফলং ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত, উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন, পশ্চিম জাফলং ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সদস্য ফারুক আহমদ, উপজেলা কার্যক্রম নিষিদ্ধ তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ, উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান এবং ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য লিটন সাঁওতাল।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই গোপন সভায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ও সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় রণজিত সরকারসহ ২০ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাতনামা আরও ১৭৫ জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর পুলিশ রিসোর্টটি বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন আলামত জব্দ করেছে।
এদিকে সভায় বক্তব্য দেওয়া রণজিত সরকারের অবস্থান এখনো শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি দেশে নাকি ভারতে অবস্থান করছেন, তা নিয়েও নিশ্চিত নয় পুলিশ। বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানিয়েছেন, রণজিত সরকার কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন, তদন্ত শেষ হওয়ার আগে তা বলা সম্ভব নয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার এবং রণজিতের অবস্থান শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর রাতারগুল এলাকার সোহেল স্কয়ার ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি গোপন সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরের কথা বলে সুনামগঞ্জের জামালগঞ্জের আইনজীবী রোকন মিয়ার নামে রিসোর্টটি ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে আওয়ামী লীগের ব্যানার লাগিয়ে সভা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রণজিত চন্দ্র সরকার। সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
