লোকালয়ে বেড়ে ওঠা হরিণ ‘বিজলীকে’ মেরে ফেলল শিয়াল, দ্বীপজুড়ে শোক
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
লোকালয়ে বেড়ে ওঠা হরিণ ‘বিজলীকে’ মেরে ফেলল শিয়াল
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপের বাসিন্দাদের পরম ভালোবাসা ও আদর-যত্নে বেড়ে ওঠা পরিচিত চিত্রা হরিণ ‘বিজলীর’ করুণ মৃত্যু হয়েছে। শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয়ে প্রাণীটির মৃত্যু হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিঝুমদ্বীপের নামার বাজার জামে মসজিদের কবরস্থানে সেটি মাটিচাপা দেওয়া হয়। বিজলীর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো দ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শিয়ালের হিংস্র আক্রমণে বিজলীর শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের কর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করলেও গুরুতর জখমের কারণে আর বাঁচানো সম্ভব হয়নি। পরে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার দুপুরে নামার বাজার জামে মসজিদের কবরস্থানে হরিণটিকে মাটিচাপা দেওয়া হয়।
দ্বীপবাসীর কাছে বিজলী কেবল একটি বন্যপ্রাণী ছিল না, বরং ছিল ভালোবাসা ও আবেগের অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ প্রায় এক দশক ধরে লোকালয়ে মানুষের সান্নিধ্যে থাকায় দ্বীপের বাসিন্দাদের সঙ্গে তার এক নিবিড় ও আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। শুধু স্থানীয়রাই নন, নিঝুমদ্বীপে ঘুরতে আসা দেশি-বিদেশি অসংখ্য পর্যটকের কাছেও দারুণ পরিচিত ও প্রিয় ছিল হরিণটি।
নিঝুমদ্বীপের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কেফায়েত হোসেন স্মৃতিচারণা করে জানান, ২০১৬ সালে বন থেকে অত্যন্ত অসুস্থ অবস্থায় শাবক বিজলীকে নামার বাজারে নিয়ে আসা হয়েছিল। এরপর স্থানীয়রা পরম মমতায় তাকে দুধ খাইয়ে ও সেবাযত্ন করে বড় করে তোলেন। মানুষের অকৃত্রিম ভালোবাসা পেয়ে সে আর কখনো গহিন বনে ফিরে যায়নি, লোকালয়েই সবার মাঝে ঘুরে বেড়াত।
তিনি বলেন, ‘বিজলী শুধু একটি হরিণ ছিল না, সে ছিল নিঝুমদ্বীপের মানুষের আবেগের অংশ। দেশি-বিদেশি পর্যটকদের সঙ্গেও তার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে।’
নিঝুমদ্বীপের বাসিন্দা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বিজলী আমাদের কাছে পরিবারের একজন সদস্যের মতো ছিল। তাকে ঘিরে স্থানীয় মানুষের অনেক আবেগ ও স্মৃতি রয়েছে। তার এভাবে চলে যাওয়াটা আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।’
বন বিভাগের নিরাপত্তা প্রহরী মো. শামিম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘বিজলীকে আমরা দীর্ঘদিন ধরে সন্তানের মতো দেখাশোনা করেছি। তার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এমন করুণ মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাইয়ুম নিয়াজী বলেন, ‘বিজলীর মৃত্যুতে আমরা সবাই মর্মাহত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে যথাযথভাবে তাকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দীর্ঘদিনের পরিচিত এই প্রাণীটিকে হারিয়ে আমাদের বলার মতো কোনো ভাষা নেই।’
