জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মী কারাগারে, প্রতিবাদে সড়ক অবরোধ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় যুবদল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
এর প্রতিবাদে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই দফায় এ কর্মসূচি পালন করা হয়। এতে মাইজদী-সোনাপুর সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ তুলে নেন শিবিরের নেতাকর্মীরা।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামে হামলার ঘটনায় শাকিল মাহমুদ (৩১) নামের এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় শাকিলের পরিবারের সদস্যসহ সাতজন আহত হন। পরে শাকিলের পরিবারের পক্ষ থেকে করা মামলায় স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৩৬ জনকে আসামি করা হয়।
মামলার আসামিরা সোমবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামায়াত ও শিবিরের ছয় নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং অন্য আসামিদের জামিন মঞ্জুর করেন। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—জামায়াতে ইসলামীর মোহর আলী, বীন আমিন, নুর মোহাম্মদ ও নুর নবী এবং ছাত্রশিবিরের হাম্মাদুর রহমান ও আনাস বিন মুনির।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামিন নামঞ্জুরের প্রতিবাদে বেলা ২টার দিকে ছাত্রশিবিরের একদল নেতাকর্মী মাইজদীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা জামে মসজিদ মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে তারা টাউন হল মোড়ে সড়কের এক পাশ বন্ধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে আদালত চত্বরে গিয়ে আবার সংগঠিত হয়ে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল বের করেন এবং জিলা স্কুলের সামনে মাইজদী-সোনাপুর সড়ক অবরোধ করেন। এ সময় শিবিরের শহর শাখার সভাপতি আবদুল্লাহ আল মাহবুবসহ সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে আবদুল্লাহ আল মাহবুব অভিযোগ করেন, বেগমগঞ্জের ছয়ানীতে সংঘটিত হামলার ঘটনা বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জের। নিজেদের বিরোধের কারণেই সেখানে হামলা ও গুলির ঘটনা ঘটেছে।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বেগমগঞ্জের একটি মামলায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আদালতে হাজির হলে বিচারক ছয়জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। এতে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে অবরোধ তুলে দেয়। এ ঘটনায় অপ্রীতিকর কিছু ঘটেনি।
