মন্ত্রী পরিচয়ের বাইরেও সফল খামারি আরিফুল হক, স্বর্ণপদক দিলেন প্রধানমন্ত্রী
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
মন্ত্রী পরিচয়ের বাইরেও সফল খামারি আরিফুল হক, স্বর্ণপদক দিলেন প্রধানমন্ত্রী
|
ফলো করুন |
|
|---|---|
দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি একজন সফল খামারি হিসেবেও জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সিলেট নগরীর লাখাউরায় প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ পরিচালনায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ পেয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা স্মারক, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক গ্রহণ করেন তিনি।
নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত ‘আফসা হক ডেইরি ফার্ম’ দীর্ঘদিন ধরে গবাদিপশু পালন ও দুগ্ধ উৎপাদনে ভূমিকা রাখছে। গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন প্রজাতির গবাদিপশু নিয়ে গড়ে তোলা এ খামার তার কৃষি উদ্যোক্তা পরিচয়েরও প্রতিফলন।
পুরস্কার গ্রহণের পর আরিফুল হক চৌধুরী বলেন, ‘দীর্ঘ ৩০ বছরের পথচলার পর সরকারের কাছ থেকে এ স্বীকৃতি পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’ একই সঙ্গে খামারিদের গো-খাদ্যে ভর্তুকি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়। এর মধ্যে আটটি স্বর্ণপদক ও ১৫টি রৌপ্যপদক রয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের এ পদক দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও বিকাশে তাদের অবদান দেশের লাখো উদ্যোক্তা, গবেষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুপ্রাণিত করবে। প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উৎপাদিত প্রাণী ও প্রাণিজ পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে খাদ্যনিরাপত্তা ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনো বিকল্প নেই। সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। অচিরেই প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
