ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে ছাত্তার হালদারের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের একটি বিশাল পাঙাশ মাছ। মাছটি ৬৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দৌলতদিয়ার পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে। পরে জেলে ছাত্তার হালদার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের কাছে ২ হাজার ৭শত টাকা কেজি দরে মোট ৬৪ হাজার ৮শত টাকায় মাছটি বিক্রি করেন।
দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলে ছাত্তার হালদারের কাছ থেকে কিনে ব্রাহ্মণবাড়িয়ার এক কোরিয়া প্রবাসীর কাছে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে কেজিতে ৫০ টাকা লাভে রেখে ২ হাজার ৭শত ৫০ টাকা কেজি দরে মোট ৬৬ হাজার টাকায় মাছটি বিক্রি করেছি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট যুগান্তরকে বলেন, জাটকা সংরক্ষণ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ থাকায় ইলিশের পাশাপাশি পাঙাশ মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে। যার ফলে পাঙাশ মাছগুলো জেলেদের জালে ধরা পড়ছে।
