ফতুল্লায় ট্রাকচাপায় মসজিদের ইমাম নিহত, মুয়াজ্জিনসহ আহত ৫
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:২০ এএম
আকরাম হোসেন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের ফতুল্লায় লিংক রোডে বেপরোয়া গতির ট্রাকচাপায় আকরাম হোসেন (৫২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একই আবু হানিফ (৫৪), রেদোয়ান খন্দকার (২০), সায়েমসহ (২২) অন্তত ৫ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত দেড়টায় ফতুল্লার ভূঁইগড় বাজারের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাওলানা আকরাম হোসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড মসজিদের ইমাম। একই মসজিদের মুয়াজ্জিন আহত আবু হানিফ। আহত অন্যরা পথচারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পুরোনো খালি ট্রাক (পিরোজপুর ট ১১-০২৪৫) বেপরোয়া গতিতে সাইনবোর্ড থেকে এসে ভূঁইঘরের বাজারের সামনে দাঁড়িয়ে থাকা লোকজনের ওপর উঠিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলেই মাওলানা আকরাম হোসেনের মৃত্যু হয়। আহত হন মুয়াজ্জিনসহ ৫ জন। এ সময় ট্রাকের ধাক্কায় কাঁচা তরকারি বিক্রেতাদের একাধিক ভ্যানগাড়ি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। নিহত ইমাম আকরাম হোসেন কুমিল্লা জেলার হোমনা থানার ধড়িচর গ্রামের আব্দুল মতিনের ছেলে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
