সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ২
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম
দুর্ঘটনার শিকার সিএনজিচালিত অটোরিকশা। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে সি লাইন পরিবহণের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজিচালকসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম মহল্লার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উল্লাপাড়া পৌরসভার ঘোষগাতী মহল্লার আবু তাহেরের ছেলে সিএনজিচালক মুন্নাফ হোসেন (৩৫) এবং একই মহল্লার বাসু দেব পালের ছেলে সিএনজির যাত্রী চন্দন পাল (৫০)।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশাটি একজন যাত্রী নিয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে বাজারের দিকে যাচ্ছিল। পথে নবগ্রাম মহল্লার পাশে পাবনা থেকে ঢাকাগামী সি লাইন পরিবহণের একটি বাস পেছন থেকে সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং চালক ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
উল্লাপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে চালকসহ যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে আটক করা হয়েছে। আটক চালকের নাম মুকুল মালিথা (৫২)। তিনি পাবনার তলবপুর গ্রামের বাসিন্দা। নিহতদের লাশ ওই রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

-6b07b43dd0b3e.jpg)