মাদক-মোবাইল ফোনের আসক্তি ঠেকাতে এনায়েতপুরে খেলার মাঠ দাবি
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৪০ পিএম
মাদক-মোবাইল ফোনের আসক্তি ঠেকাতে এনায়েতপুরে খেলার মাঠ দাবি
|
ফলো করুন |
|
|---|---|
সিরাজগঞ্জের এনায়েতপুরের দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড়ে একটি আধুনিক ও উন্মুক্ত খেলার মাঠ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কৃষ্ণচূড়া ক্লাবের আয়োজনে এ মানববন্ধনে স্থানীয় শিক্ষার্থী, যুবসমাজ, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।
ক্লাবের প্রতিষ্ঠাতা রফিক মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন ক্লাবের প্রধান উপদেষ্টা পর্যটন ব্যক্তিত্ব ভূঁইয়া শাহীন সানী।
বক্তারা বলেন, অবহেলিত দ্বাদশপট্টি ও আশপাশের এলাকায় জনসংখ্যা বাড়লেও শিশু ও কিশোরদের খেলাধুলা এবং শারীরিক বিকাশের জন্য কোনো খেলার মাঠ নেই। ফলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে এবং অনেক কিশোর-যুবক মাদক ও মোবাইল ফোনের আসক্তিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।
তারা আরও বলেন, দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড় এলাকায় পর্যাপ্ত সরকারি জায়গা রয়েছে। সেখানে মাটি ভরাট করে খেলার মাঠ নির্মাণ করা হলে স্থানীয় শিশু-কিশোর ও যুবকদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশের সুযোগ তৈরি হবে। দ্রুত খেলার মাঠ নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুস ছালাম, প্রবীণ শিক্ষক নুরুল ইসলাম মাস্টার, সমাজসেবক মিজানুর রহমান মজনু, একুশে টিভির সংবাদ উপস্থাপক ওয়াহিদুজ্জামান, সাংবাদিক সোহেল রানা, সমাজকর্মী উজ্জ্বল অধিকারী, ব্যবসায়ী আব্দুল চাঁন খান, আব্দুল মোন্নাফ, সোলাইমান হোসেন ও ইছা আহম্মেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
