হেলিকপ্টারে নববধূ নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্স প্রবাসী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিজের ও পরিবারের দীর্ঘদিনের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে নববধূকে নিয়ে ভোলার নিজ গ্রামে ফিরেছেন ফ্রান্স প্রবাসী মো. শাহিন ফকির। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে গ্রামে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নবদম্পতিকে একনজর দেখতে ভিড় করেন শত শত মানুষ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামে হেলিকপ্টারে নববধূর আগমন ঘিরে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ধানক্ষেতের পাশে হেলিকপ্টারটি অবতরণ করে।
বর শাহিন ফকির ওই গ্রামের মো. সিরাজের ছেলে। দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে প্রবাসজীবন কাটাচ্ছেন তিনি। তার নববধূ মারজিয়া আক্তার ঢাকা চিটাগং রোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বরের স্বজনরা জানান, বিয়ের পর থেকেই স্ত্রীকে হেলিকপ্টারে করে নিজ গ্রামে নিয়ে আসার স্বপ্ন দেখছিলেন শাহিন। তার বাবা-মায়েরও ইচ্ছা ছিল ছেলের নববধূকে ব্যতিক্রমী আয়োজনে বাড়িতে বরণ করে নেওয়ার। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। বুধবার নির্ধারিত সময়ে নবদম্পতি গ্রামে পৌঁছান।
বর শাহিন ফকির বলেন, বিয়ে তো অনেকেই করেন। প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি স্মরণীয়ভাবে উদযাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি এবং তা বাস্তবে রূপ দিয়েছি।
এদিকে, হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই নববধূকে একনজর দেখতে গ্রামের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নবদম্পতিকে স্বাগত জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের এ গ্রামে এর আগে কোনো পুত্রবধূকে হেলিকপ্টারে করে আনা হয়নি। গ্রামে হেলিকপ্টার আসতে দেখাও যায় না। তাই হেলিকপ্টারে করে নববধূ আসার খবর শুনে আমরা দেখতে এসেছি।
বোরহানউদ্দিন থানার ওসি মো. আশ্রাব আলী বলেন, সেখানে থানা পুলিশ ছিল। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
এদিন প্রত্যন্ত গ্রামে হেলিকপ্টারে নববধূর আগমনকে কেন্দ্র করে ফকিরকান্দি গ্রামে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। প্রবাসী শাহিনের দীর্ঘদিনের স্বপ্নপূরণের এই আয়োজন স্থানীয়দের কাছেও হয়ে ওঠে স্মরণীয় এক ঘটনা।

-6b07ab4185d96.jpg)