মধ্যরাতে নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মধ্যরাতে অগ্নিসংযোগ ও গাছ কেটে ফেলে সড়কে অবরোধের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে বসুরহাট পৌরসভার বসুরহাট-দাগনভুঞা ও বসুরহাট-চৌধুরীহাট সড়কে এসব ঘটনা ঘটে। রোববার সকালে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
জানা যায়, বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রাজাপুর গ্রামে বসুরহাট-দাগনভুঞা সড়কে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নেতা ওয়াসিম ও ফারুক প্রকাশ হাতকাটা ফারুকের নেতৃত্বে ৫-৬ জন সড়কে আগুন জ্বালিয়ে স্লোগান দেন। এ সময় তারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে তা ফেসবুক পেজে আপলোড করেন।
অন্যদিকে, একই রাতে বসুরহাট-চৌধুরীহাট সড়কে দুর্বৃত্তরা গাছ কেটে ফেলে রেখে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে গাছ সরানোর ব্যবস্থা করে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বলতে শোনা যায়, তাদের নেতা আবদুল কাদের মির্জার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ। তার নেতৃত্বে কর্মসূচি সফল করেছেন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। নাশকতা ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
