ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর দাগনভূঞায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে সিলোনিয়া উম্মুল মুমিনীন মহিলা মাদ্রাসার দুটি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (২৮ নভেম্বর) রাতে জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে সিলোনিয়া উম্মুল মুমিনীন আয়েশা (রা.) মহিলা আলিম মাদ্রাসার দুটি টিনশেড ঘরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় চেয়ার-টেবিলসহ প্রতিষ্ঠানের মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম মামুন জানান, আগুনে প্রতিষ্ঠানের চেয়ার-টেবিলসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মাদ্রাসার নৈশপ্রহরী শাহজাহান আগুন দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দাগনভূঞা থানার ওসি ফেরদৌসি আক্তার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
