Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

রাজশাহীর এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত, আটক ৩

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ মার্চ ২০১৯, ০২:৫৫ পিএম

রাজশাহীর এক কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত, আটক ৩

Advertisement

জালভোট পড়ার কারণে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। 

রোববার দুপুরে পৌনে ১টার দিকে উপজেলার আল জামিয়াতুস সালাফিয়া আলিম মাদ্রাসাকেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এ সময় কেন্দ্র থেকে তিনজনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে একজন সহকারী প্রিসাইডিং অফিসার এবং দুজন পোলিং এজেন্ট। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থগিত হওয়ার আগে কেন্দ্রটিতে প্রায় ১৭ শতাংশ ভোটগ্রহণ করা হয়েছিল।

নির্বাচন কর্মকর্তা জানান, আটক দুই পোলিং এজেন্ট নৌকা প্রতীকের হয়ে দুটি বুথে ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে ওই বুথ দুটিতে অবৈধভাবে সিল মারা হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ভোটগ্রহণ স্থগিত করেন। 

এর পর জেলা প্রশাসক এসএম আবদুল কাদের ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম গিয়ে তিনজনকে আটক করে পুলিশে দেন।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম আটকদের থানায় নিয়ে আসেন। তাদের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আটককৃতদের নাম তাৎক্ষণিকভাবে জানাননি সহকারী রিটার্নিং কর্মকর্তা মশিউর রহমান।

গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী মো. বদিউজ্জামান (আনারস), ওয়ার্কার্স পার্টির সাইদুর রহমান (হাতুড়ি) ও জাতীয় পার্টির সালাহউদ্দিন বিশ্বাস (লাঙল)।

Advertisement

রাজশাহী নির্বাচন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম