নতুন মজুরি ঘোষণার পরও কাটেনি শিল্পাঞ্চলের অস্থিরতা
যুগান্তর প্রতিবেদন, সাভার
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মজুরি বৃদ্ধির দাবিতে প্রায় এক মাস ধরে চলা শ্রমিক আন্দোলনের পর নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হলেও কাটেনি সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের অস্থিরতা। প্রত্যাশিত মজুরি না পাওয়ায় শ্রমিকদের একাংশের মধ্যে এখনো ক্ষোভ বিরাজ করছে।
এরই মধ্যে হেমায়েতপুরে একটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় চার পোশাকশ্রমিককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাতে হেমায়েতপুরের এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেডের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক মো. নুরুল আমিন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি করেন। এজাহারে হামলা, ভাঙচুর ও মালামাল চুরির ঘটনায় ৯২ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা, বিস্ফোরণ, কারখানায় অনধিকার প্রবেশ, কর্মীদের মারধর, ভাঙচুর, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষের দাবি, হামলায় ৮২ লাখ টাকার মালামাল ভাঙচুর এবং ১০ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বহিরাগত শ্রমিকরা ওই কারখানায় হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এ সময় কারখানার মালামাল ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি কর্মীদের মারধর করা হয়। পরে কারখানার নিরাপত্তাকর্মীরা চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার চারজনই পোশাকশ্রমিক।
এদিকে বুধবারের উত্তেজনার পর বৃহস্পতিবার শিল্পাঞ্চলের পরিস্থিতি কিছুটা শান্ত হলেও স্বাভাবিক হয়নি সব কারখানার উৎপাদন। সকাল থেকে সাতটি কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। এর বাইরে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ২২টি কারখানা।
আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত সাতটি কারখানায় শ্রমিকদের কর্মবিরতি চলছিল। তবে শিল্পাঞ্চলের অধিকাংশ সচল কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলছে।
