টানা ৭ বার চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতিহাস
Advertisement
গোলাম মাওলা আকন্দ, মাদারীপুর
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ০৬:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
৩০ বছর ধরে মাদারীপুরের শিরখাড়া ইউনিয়নের চেয়ারম্যান তিনি। গত ২০১৬ সালের ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। তবে এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় তাকে হারাতে পাঁচ প্রার্থী মাঠে নামেন। শেষপর্যন্ত পাঁচ প্রার্থীকে হারিয়ে সপ্তমবারের মতো নির্বাচিত হন মাদারীপুর সদরের শিরখাড়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. মজিবর রহমান হাওলাদার।
মাদারীপুর জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে প্রত্যন্ত এলাকা শিরখাড়া ইউনিয়নের অবস্থান। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় এক সময় এই এলাকা ছিল চরমপন্থিদের অভয়ারণ্য। ১৯৮৮ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকার যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নের কাজ শুরু করেন মজিবর রহমান।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হওয়ায় এখন শিরখাড়া এলাকা চরমপন্থি প্রায় শূন্য। অবশ্য যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড করতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানকে অনেক খেসারত দিতে হয়েছে। একাধিকবার মৃত্যুর মুখ থেকে বেঁচে গেছেন তিনি।
একাধিকবার হত্যার উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমানকে আক্রমণ করা হয়েছে। হত্যার জন্য গুলিবর্ষণও করা হয়েছে তাকে; তবে ভাগ্যগুণে বেঁচে গেছেন তিনি। তাকে গাড়িচাপা দিয়ে হত্যার উদ্দেশ্যে ট্রাকচাপা দিয়ে তাকে বহনকারী প্রাইভেটকার চাপা দেওয়া হয়েছিল এক সময়ে। বহু ঘাত-প্রতিঘাত অতিক্রম করে বেঁচে আছেন তিনি এলাকাবাসীর সেবার ব্রত নিয়ে। উন্নয়ন ও সেবামূলক কাজের মাধ্যমে জনগণের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
শিরখাড়া এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান মিঠু বলেন, চেয়ারম্যান মজিবর রহমান প্রকৃতই বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। এলাকার জনগণের বিপদে আপদে সব সময় তিনি পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি আবার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত। আমরা আবারো একজন জনদরদী জনপ্রতিনিধি পেলাম।
সাতবারের নির্বাচিত চেয়ারম্যান মজিবর রহমান ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধে অংশ নেন তখন তার বয়স ছিল ২০ বছর। এলাকার প্রভাবশালী পরিবারের সদস্য হিসেবে ১৯৮৮ সালে প্রথম তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। সেই যে শুরু আর পেছনে তাকাতে হয়নি তাকে। পরপর সাতবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে মাদারীপুর জেলায় ইতিহাস গড়লেন বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান হাওলাদার।
