সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলনের গাড়িবহরে হামলা
Advertisement
চাঁদপুর ও কচুয়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ০১:১৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁদপুরের কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের গাড়িতে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার ৬টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, কচুয়া উপজেলার বদরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। ঠিক একই মাঠে একই দিন ইফতার মাহফিলের আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ। একই স্থানে দুইপক্ষের ইফতার মাহফিল আয়োজন করায় পুলিশ তা বন্ধ করে দেয়।
বদরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ছাত্রলীগ ইফতার মাহফিল আয়োজন করায় বাধ্য হয়ে স্থানীয় বিএনপি তাদের ইফতার মাহফিল পার্শ্ববর্তী হোসেনপুর এলাকার এক কর্মীর বাড়িতে আয়োজন করে।
সেই অনুষ্ঠানে যোগ দিতে সোমবার বিকালে সস্ত্রীক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন গাড়িতে করে যাচ্ছিলেন। পথিমধ্যে স্থানীয় ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিলনের গাড়িতে হামলা চালায়। এ সময় মিলন ও তার স্ত্রী আঘাত না পেলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম বলেন, ওখানে কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের অনুসারীরা ইফতার মাহফিলের আয়োজন করে। মিলন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বদরপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কিছু ছাত্রলীগ নেতাকর্মী তার গাড়ি থামানো চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দেয়।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দীন বলেন, মিলন সাহেবকে ওই পথ দিয়ে তাদের অনুষ্ঠানে যেতে আমরা নিষেধ করেছি। কিন্তু তিনি ওই পথ দিয়েই গেলেন। যদিও আমরা তাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেছি। এর ফাঁকেই কিছু ছাত্রলীগ কর্মী তার গাড়িতে হামলা করে। আমরা তাৎক্ষণিক হামলাকারীদের চিহ্নিত করতে পারিনি। তাছাড়া এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
