বিমানবন্দরে চীনা নাগরিকের কাছ থেকে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা নস্যাৎ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক চীনা নাগরিকের কাছ থেকে আনুমানিক আড়াই কেজি বা ২১৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছেন আনসার সদস্যরা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ক্যানোপি-১ এলাকায় আনসার সদস্যদের সতর্ক তৎপরতায় বিপুল পরিমাণ এই স্বর্ণের চালান শনাক্ত ও উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চীন থেকে আসা ওই চীনা নাগরিকের সঙ্গে থাকা পাঁচটি পাহাড়ি মাটির তৈরি মগ/ঝাড়ে বিশেষ কৌশলে রাসায়নিকের সঙ্গে স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছিল। দায়িত্ব পালনকালে আনসার সদস্য রায়হান হোসেন ও এপিসি সাইফুল বিষয়টি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে ওই পাঁচটি মাটির পাত্র উদ্ধার করেন। পরে কর্তব্যরত পিসি মো. আনিসুর রহমান বিষয়টি শিফটে দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে অবহিত করেন।
পরবর্তীতে উপজেলা প্রশিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকৃত সামগ্রী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। কাস্টমস কর্তৃপক্ষ স্বর্ণকারের সহায়তায় পাঁচটি মাটির পাত্র আগুনে পুড়িয়ে এর ভেতরে থাকা স্বর্ণ পৃথক করে। প্রক্রিয়া শেষে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়।
অভিনব কৌশলে মাটির তৈরি পাত্রের ভেতর রাসায়নিকের সংমিশ্রণে স্বর্ণ লুকিয়ে পাচারের এই চেষ্টা আনসার সদস্যদের বিচক্ষণতা, সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে উদ্ঘাটিত হয়।
