কীভাবে জানবেন আপনার লিভারের সমস্যা কোথায়?
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
লিভার কিংবা যকৃতের সমস্যা হলে প্রাথমিক অবস্থায় তেমন কোনো লক্ষণ প্রকাশ নাও পেতে পারেন। তবে লিভারের ক্ষতি কিংবা রোগ যত বাড়তে থাকে, আপনার শরীরের বেশ কিছু সুনির্দিষ্ট ও স্পষ্ট লক্ষণ দেখা দিতে শুরু করে। লিভারের সমস্যার প্রধান লক্ষণগুলোকে কয়েকটি ভাগে আলোচনা করা হলো। চলনু জেনে নেওয়া যাক, আপনার লিভারের সমস্যা কোথায়?
ত্বক ও চোখ পরিবর্তন
জন্ডিস: লিভারের সমস্যার সবচেয়ে বড় লক্ষণ হলো— জন্ডিস। এতে চোখের সাদা অংশ এবং ত্বক হলুদ হয়ে যায়। রক্তে 'বিলিরুবিন' নামক পিগমেন্টের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এমনটি হয়।
ত্বকে চুলকানি: কোনো দৃশ্যমান অ্যালার্জি বা র্যাশ ছাড়াই সারা শরীরে তীব্র চুলকানি হতে পারে। লিভার ঠিকমতো কাজ না করায় ত্বকের নিচে পিত্ত লবণ জমা হওয়ার কারণে এ সমস্যা দেখা দিতে পারে।
রেচন প্রক্রিয়ার পরিবর্তন
গাঢ় প্রস্রাব: জন্ডিসের প্রাথমিক লক্ষণ হিসেবে প্রস্রাবের রঙ অতিরিক্ত গাঢ় কিংবা সরিষার তেলের মতো হলুদ হতে পারে।
ফ্যাকাশে বা মেটে রঙের মল: মল কিংবা পায়খানার স্বাভাবিক রঙ পরিবর্তন হয়ে ফ্যাকাশে, ধূসর কিংবা মাটির রঙের মতো হতে পারে।
শরীরের অন্যান্য অংশের সমস্যা
পেটব্যথা ও ফুলে যাওয়া: পেটের ডান দিকে পাঁজরের নিচে তীব্র বা মৃদু ব্যথা হতে পারে। এ ছাড়া লিভারের মারাত্মক ক্ষতি হলে, যেমন— সিরোসিস পেটে তরল জমা হয়ে পেট অস্বাভাবিক ফুলে যায়।
পা ও গোড়ালি ফোলা: লিভারের কার্যক্ষমতা কমে গেলে আপনার শরীরের নিচের অংশ, বিশেষ করে পা, গোড়ালি ও পাতায় পানি জমে ফুলে যেতে পারে।
হজম ও শক্তির ঘাটতি
অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা: পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরও সবসময় চরম ক্লান্তি, অলসতা ও শরীর দুর্বল লাগা লিভার রোগের অন্যতম প্রধান লক্ষণ।
ক্ষুধামন্দা ও বমি ভাব: খাবারে অরুচি, ঘন ঘন বমি ভাব কিংবা বমি হওয়া এবং অল্প খেলেই পেট ভরা মনে হওয়া। এর ফলে দ্রুত ওজন ও পেশি কমে যেতে পারে।
জটিল কিংবা মারাত্মক লক্ষণ
সহজে ক্ষত ও রক্তপাত: লিভার রক্তজমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতে না পারায় সামান্য আঘাতেই ত্বকে নীলচে দাগ পড়ে কিংবা সহজেই রক্তপাত হয়।
রক্ত বমি বা কালো মল: পোর্টাল শিরায় চাপ বাড়ার কারণে খাদ্যনালি বা পাকস্থলীর শিরা ফেটে রক্ত বমি হতে পারে; কিংবা আলকাতরার মতো কুচকুচে কালো মল ত্যাগ হতে পারে। এটি একটি মেডিকেল ইমার্জেন্সি।
মানসিক বিভ্রান্তি: লিভার যখন রক্ত থেকে বিষাক্ত উপাদান দূর করতে পারে না, তখন সেই বিষ মগজে পৌঁছে স্মৃতিশক্তি হ্রাস, মনোযোগের অভাব, মেজাজ পরিবর্তন বা তীব্র মানসিক বিভ্রান্তি তৈরি করে।

