Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

হৃদরোগ কি শুধু বয়স্কদের? তরুণদের জন্যও ঝুঁকি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম

হৃদরোগ কি শুধু বয়স্কদের? তরুণদের জন্যও ঝুঁকি

ছবি: সংগৃহীত

Advertisement

মাত্র ৩৫ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার পুরস্কারজয়ী অভিনেত্রী ও চিত্রনাট্যকার সিবুসিসিওয়ে গুগু মানকেলের মৃত্যু নতুন করে আলোচনায় এনেছে তরুণদের হৃদরোগের ঝুঁকি। সাধারণত বয়স্কদের রোগ হিসেবে পরিচিত হলেও অল্প বয়সেও হৃদ্যন্ত্রের গুরুতর সমস্যা দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে রোগের লক্ষণ আগে থেকে বোঝা যায় না।

দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ২০২৪ সালে নিবন্ধিত মোট মৃত্যুর ১৭ দশমিক ৮ শতাংশের জন্য দায়ী ছিল হৃদরোগ ও রক্তনালিসংক্রান্ত রোগ। দেশটির পরিসংখ্যান সংস্থা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জন্মগত হৃদ্যন্ত্রের ত্রুটি, বংশগত রোগ, উচ্চ রক্তচাপ এবং জীবনযাপনের বিভিন্ন অভ্যাস তরুণদের হৃদ্স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। সময়মতো রোগ শনাক্ত না হলে জটিলতা আরও বাড়ার আশঙ্কা থাকে।

তরুণদের মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগ

মানকেলের মৃত্যু ছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে কম বয়সীদের আকস্মিক মৃত্যুর কয়েকটি ঘটনা আলোচনায় এসেছে। ২০২৩ সালের মার্চে জোহানেসবার্গে আলট্রা মিউজিক ফেস্টিভ্যালে পরিবেশনার সময় অসুস্থ হয়ে পড়ে মারা যান আমাপিয়ানো সংগীতশিল্পী কোস্টা টিচ।

এ ছাড়া ২০২৬ সালের অক্টোবরে ৩১ বছর বয়সী রাগবি খেলোয়াড় হাইরন অ্যান্ড্রুজ ফ্রান্সে মহাধমনির দেয়ালে ছিঁড়ে যাওয়াজনিত জটিলতায় মারা যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনাগুলোর পরিস্থিতি এক না হলেও এগুলো হৃদ্যন্ত্র ও রক্তনালির রোগ সম্পর্কে সচেতনতা এবং বিপৎসংকেত দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার গুরুত্ব সামনে এনেছে।


যেসব হৃদ্রোগে আক্রান্ত হতে পারেন তরুণেরা

হৃদ্যন্ত্রের পেশি অস্বাভাবিকভাবে পুরু হয়ে যাওয়ার একটি বংশগত রোগ হলো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। কিছু ক্ষেত্রে এতে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হতে পারে এবং বিপজ্জনক হৃদ্স্পন্দন বা হঠাৎ হৃদ্যন্ত্রের কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি বাড়ে।

হৃদ্স্পন্দন নিয়ন্ত্রণকারী বৈদ্যুতিক সংকেতে গোলযোগ হলে অ্যারিদমিয়া দেখা দিতে পারে। এতে হৃদ্যন্ত্র খুব দ্রুত, ধীরগতিতে কিংবা অনিয়মিতভাবে স্পন্দিত হয়। কিছু ক্ষেত্রে এটি তেমন বিপজ্জনক না হলেও অন্য ক্ষেত্রে গুরুতর জটিলতা তৈরি করতে পারে।

উচ্চ রক্তচাপও উদ্বেগের কারণ। কারণ, অনেক সময় এর কোনো স্পষ্ট লক্ষণ থাকে না। চিকিৎসা না করালে এটি রক্তনালির ক্ষতি করতে পারে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

ভাইরাস সংক্রমণের পর হৃদ্যন্ত্রের পেশিতে প্রদাহ হতে পারে, যা মায়োকার্ডাইটিস নামে পরিচিত। এতে বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও ক্লান্তি দেখা দিতে পারে। এ ছাড়া জন্মগত হৃদ্যন্ত্রের ত্রুটি কখনো কখনো প্রাপ্তবয়স্ক হওয়ার আগে শনাক্ত হয় না।

যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

তরুণেরা অনেক সময় শারীরিক সমস্যাকে মানসিক চাপ, উদ্বেগ কিংবা ক্লান্তি বলে মনে করেন। তবে অকারণে অজ্ঞান হয়ে যাওয়া, বুকে অস্বস্তি, স্বাভাবিক কাজের সময় শ্বাসকষ্ট এবং বারবার হৃদ্স্পন্দন অস্বাভাবিক মনে হওয়াকে অবহেলা করা উচিত নয়।

অস্বাভাবিক ক্লান্তিও সতর্কসংকেত হতে পারে, বিশেষ করে অন্য উপসর্গের সঙ্গে দেখা দিলে। হঠাৎ বুকে ব্যথা, তীব্র শ্বাসকষ্ট কিংবা অজ্ঞান হয়ে পড়ার মতো পরিস্থিতিতে জরুরি চিকিৎসাসেবা নিতে হবে।

পরিবারের সদস্যদের অল্প বয়সে হৃদ্রোগে আক্রান্ত হওয়া বা আকস্মিক হৃদ্মৃত্যুর ইতিহাস থাকলে চিকিৎসকের সঙ্গে নিজের ঝুঁকি নিয়ে আলোচনা করা প্রয়োজন। প্রয়োজন অনুযায়ী তিনি পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিতে পারেন।

খাদ্যাভ্যাস ও জীবনযাপনে সতর্কতা

হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে ব্যক্তিগত ঝুঁকিগুলো জানা জরুরি। নিয়মিত রক্তচাপ, কোলেস্টেরল ও রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করলে অনেক ক্ষেত্রে উপসর্গ দেখা দেওয়ার আগেই সমস্যা শনাক্ত করা সম্ভব।

নিবন্ধিত পুষ্টিবিদ লিয়ান কাইজার বলেন, হৃদ্স্বাস্থ্য ভালো রাখতে পছন্দের খাবার পুরোপুরি বাদ দেওয়া কিংবা নিখুঁত খাদ্যাভ্যাস অনুসরণ করা জরুরি নয়। বরং সুষম খাবার বেছে নেওয়া গুরুত্বপূর্ণ।

তিনি জানান, পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। ক্যালসিয়াম হৃদ্যন্ত্রের পেশিসহ শরীরের স্বাভাবিক পেশি কার্যক্রমে ভূমিকা রাখে। অন্যদিকে, প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। দই প্রোটিন, ক্যালসিয়াম ও পটাশিয়ামের একটি উৎস। পাশাপাশি খাদ্যতালিকায় শাকসবজি, আস্ত ফল ও স্বাস্থ্যকর চর্বির উৎস রাখা উচিত।

পুষ্টি ও খাদ্যবিষয়ক পরামর্শক মেগান পেন্টজ ক্লুইটস বলেন, স্বাস্থ্যকর খাবার মানেই পছন্দের খাবার থেকে বঞ্চিত হওয়া নয়। স্বাদ ও পুষ্টির মধ্যে ভারসাম্য বজায় রেখেও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা সম্ভব।

নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম এবং তামাক পরিহারও হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী। প্রাপ্তবয়স্কদের সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক কার্যক্রমের লক্ষ্য রাখতে বলা হয়। তবে ব্যক্তির শারীরিক সক্ষমতা ও চিকিৎসাগত প্রয়োজন অনুযায়ী তা সমন্বয় করা উচিত।

রক্তনালির শল্যচিকিৎসক ভিনেশ পদায়াচি সতর্ক করে বলেন, উৎসবের সময়ে অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার, বেশি অ্যালকোহল গ্রহণ এবং শারীরিক কার্যক্রম কমে যাওয়ার কারণে অনেকে রক্তনালির স্বাস্থ্যের প্রতি অবহেলা করেন। এর ক্ষতিকর প্রভাব অনেক সময় পরে প্রকাশ পায়।

তার মতে, অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ রক্তচাপ বাড়াতে পারে, পানিশূন্যতা তৈরি করতে পারে এবং হৃদ্স্পন্দনে অনিয়ম ঘটাতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বয়স ৩০ পেরোলেই ক্লান্ত? যে ৫টি পরীক্ষা নারীদের জন্য জরুরি

বয়স ৩০ পেরোলেই ক্লান্ত? যে ৫টি পরীক্ষা নারীদের জন্য জরুরি

শীতে হতে পারে পানিশূন্যতা, যেসব লক্ষণে হবেন সতর্ক

শীতে হতে পারে পানিশূন্যতা, যেসব লক্ষণে হবেন সতর্ক

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

দেশে ডায়াবেটিসে আক্রান্তদের প্রায় ৬৯ শতাংশের লিভারে চর্বি

ডায়েট ছাড়াই ওজন কমাতে চান? জেনে নিন ১০ উপায়

ডায়েট ছাড়াই ওজন কমাতে চান? জেনে নিন ১০ উপায়

শিশুদের ওজন কমাতে ওষুধ-অস্ত্রোপচার নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া নির্দেশনা

শিশুদের ওজন কমাতে ওষুধ-অস্ত্রোপচার নয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া নির্দেশনা

ব্যথানাশক ওষুধ সেবন, কিডনির যে পরিণতি হতে পারে

ব্যথানাশক ওষুধ সেবন, কিডনির যে পরিণতি হতে পারে

আরও পড়ুন

হৃদরোগ কি শুধু বয়স্কদের? তরুণদের জন্যও ঝুঁকি

হৃদরোগ কি শুধু বয়স্কদের? তরুণদের জন্যও ঝুঁকি

‘ভিটামিন সি’ কি ব্লাড ক্যানসার প্রতিহত করতে পারে, জানাল গবেষণা

‘ভিটামিন সি’ কি ব্লাড ক্যানসার প্রতিহত করতে পারে, জানাল গবেষণা

চোখে অঞ্জনি কেন হয়, করণীয় কী?

চোখে অঞ্জনি কেন হয়, করণীয় কী?

শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল: রোগ সারানোর দাবি কতটা সত্য?

শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল: রোগ সারানোর দাবি কতটা সত্য?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম