Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

ঘড়ির কাঁটা এগিয়ে-পিছিয়ে দিলে কি স্বাস্থ্যঝুঁকি বাড়ে?

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পিএম

ঘড়ির কাঁটা এগিয়ে-পিছিয়ে দিলে কি স্বাস্থ্যঝুঁকি বাড়ে?

ছবি: সংগৃহীত

Advertisement

দিনের আলো বেশি সময় কাজে লাগাতে বিশ্বের বিভিন্ন দেশে বছরে দুবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ও পিছিয়ে দেওয়া হয়। ডে-লাইট সেভিং টাইম (ডিএসটি) নামে পরিচিত এ পদ্ধতিকে অনেকেই সাধারণ সময় পরিবর্তন হিসেবে দেখলেও, এর প্রভাব পড়তে পারে মানুষের ঘুম, মানসিক স্বাস্থ্য ও হৃদ্যন্ত্রের ওপর। গবেষণায় দেখা গেছে, বসন্তে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়ার পর হৃদরোগ, স্ট্রোক ও প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে, শরৎকালে সময় পিছিয়ে দেওয়ার পর বিষণ্নতার প্রবণতা বৃদ্ধির সম্পর্কও পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৬ সালে জ্বালানি সাশ্রয় এবং দিনের আলোকে কাজে লাগানোর উদ্দেশ্যে যুক্তরাজ্যে প্রথম ডে-লাইট সেভিং টাইম চালু করা হয়। এ ব্যবস্থায় মার্চ মাসের শেষ রোববার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়া হয়। আবার অক্টোবরের শেষ রোববার তা এক ঘণ্টা পিছিয়ে আনা হয়। বর্তমানে বিশ্বের প্রায় ৭০টি দেশে এ পদ্ধতি চালু রয়েছে।

বসন্তকালে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়ার অর্থ হলো, মানুষকে স্বাভাবিক সময়ের তুলনায় এক ঘণ্টা আগে ঘুম থেকে উঠতে হয়। এতে ঘুমের সময় কমে যায় এবং শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দে ব্যাঘাত ঘটে।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়ার পর প্রথম সোমবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ শতাংশ বেড়েছিল। সুইডেন, ক্রোয়েশিয়া, জার্মানি, ব্রাজিল, ফিনল্যান্ড ও মেক্সিকোর গবেষণাতেও একই ধরনের প্রবণতা পাওয়া গেছে।

বিভিন্ন গবেষণার ফলাফল একত্র করে করা একটি বিশ্লেষণে দেখা যায়, বসন্তে ডে-লাইট সেভিং টাইম চালুর পর হৃদ্রোগে আক্রান্তের সংখ্যা গড়ে ৪ শতাংশ বাড়তে পারে।

এ ছাড়া সময় পরিবর্তনের পরবর্তী কয়েক সপ্তাহে স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধির তথ্যও পাওয়া গেছে। ২০২০ সালের একটি গবেষণায় ডে-লাইট সেভিং টাইমের সঙ্গে বিষণ্নতা, উদ্বেগ, মেজাজের অস্বাভাবিক পরিবর্তন এবং মাদক ব্যবহারের প্রবণতা বৃদ্ধির সম্পর্ক উঠে আসে।

বাড়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার আশঙ্কাও

ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়ার প্রভাব পড়তে পারে সড়ক নিরাপত্তায়ও। যুক্তরাষ্ট্রে পরিচালিত কয়েকটি গবেষণায় সময় পরিবর্তনের পরবর্তী সপ্তাহগুলোতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ার তথ্য পাওয়া গেছে।

একটি গবেষণায় দেখা গেছে, বসন্তে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়ার ফলে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঝুঁকি ৬ শতাংশ বাড়তে পারে। গবেষকদের ধারণা, ঘুমের সময় কমে যাওয়ায় চালকদের ক্লান্তি ও মনোযোগের ঘাটতি তৈরি হয়। এর প্রভাব দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে।

কেন শরীরের ওপর পড়ে সময় পরিবর্তনের প্রভাব?

মানুষের শরীরে ২৪ ঘণ্টার একটি স্বাভাবিক জৈবিক ঘড়ি রয়েছে। কখন ঘুমাতে হবে, কখন জেগে উঠতে হবে এবং শরীরের বিভিন্ন কার্যক্রম কখন চলবে— তা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে এই ব্যবস্থা। চিকিৎসাবিজ্ঞানে একে সার্কাডিয়ান রিদম বলা হয়।

সূর্যের আলো শরীরের এই অভ্যন্তরীণ ঘড়ির সঙ্গে সময়ের সমন্বয় ঘটায়। রাতে আলো কমে গেলে মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন হরমোন নিঃসৃত হয়, যা ঘুমের অনুভূতি তৈরি করে। সকালে আলো বাড়লে মেলাটোনিনের নিঃসরণ কমে এবং কর্টিসল হরমোনের কার্যক্রম বাড়ে। ফলে শরীর জেগে ওঠার প্রস্তুতি নেয়।

কিন্তু বসন্তে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে দেওয়ার পর সন্ধ্যায় ঘুমানোর সময়ও বাইরে আলো থাকে। এতে মেলাটোনিন নিঃসরণ ব্যাহত হতে পারে এবং ঘুম আসতে দেরি হয়। অন্যদিকে, সকালে অন্ধকার থাকায় শরীর পুরোপুরি জেগে ওঠার আগেই মানুষকে দৈনন্দিন কাজে বের হতে হয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্যার জুলস থর্ন স্লিপ অ্যান্ড সার্কাডিয়ান নিউরোসায়েন্স ইনস্টিটিউটের সহপরিচালক ও এন্ডোক্রাইনোলজির অধ্যাপক ডেভিড রে বলেন, মানুষের অভ্যন্তরীণ জৈবিক ঘড়ি স্বাভাবিকভাবেই আলো ও অন্ধকারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলে। কিন্তু ঘড়ির সময় কৃত্রিমভাবে পরিবর্তন করলে মানুষকে নিজের স্বাভাবিক জৈবিক ছন্দের বিপরীতে চলতে হয়।

ঘড়ির কাঁটা পিছিয়ে দিলেও পুরোপুরি মেলে না ঘুম

শরৎকালে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেওয়ায় অতিরিক্ত এক ঘণ্টা ঘুমানোর সুযোগ তৈরি হয়। তবে গবেষণা বলছে, বাস্তবে মানুষ পুরো এক ঘণ্টা বেশি ঘুমায় না।

২০২৪ সালের যুক্তরাজ্যভিত্তিক এক গবেষণায় ১১ হাজারের বেশি মানুষের ঘুমের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, শরৎকালে সময় পরিবর্তনের পর রোববার মানুষ আগের রোববারের তুলনায় গড়ে ৩৩ মিনিট বেশি ঘুমায়। তবে পরবর্তী সপ্তাহজুড়ে ঘুমের ঘাটতি অব্যাহত থাকে।

অন্যদিকে, ডেনমার্কের গবেষকেরা ১৯৯৫ থেকে ২০১২ সাল পর্যন্ত মানসিক স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন। এতে দেখা যায়, শরৎকালে ঘড়ির কাঁটা পিছিয়ে দেওয়ার পরবর্তী ১০ সপ্তাহে গুরুতর বিষণ্নতার ঘটনা ১১ শতাংশ বেড়েছিল।

তবে শরৎকালে সময় পরিবর্তনের কিছু ইতিবাচক প্রভাবও রয়েছে। লন্ডন স্কুল অব ইকোনমিকস অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক জোয়ান কোস্তা-ই-ফন্ট ১৯৮৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩০ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করেন। তাঁর গবেষণায় দেখা যায়, শরৎকালে ঘড়ির সময় পরিবর্তনের ফলে মানুষ গড়ে প্রায় ৪০ মিনিট বেশি ঘুমানোর সুযোগ পায়। এতে তাদের কর্মশক্তি, মানসিক অবস্থা ও ভালো থাকার অনুভূতির উন্নতি ঘটে।

তবে বসন্তকালে সময় পরিবর্তনের নেতিবাচক প্রভাব বিবেচনায় নিলে বছরে দুবার ঘড়ির কাঁটা পরিবর্তনের সামগ্রিক প্রভাব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে গবেষণায় উঠে এসেছে।

ডে-লাইট সেভিং টাইম বাতিলের দাবি

সময়ের পরিবর্তনের কারণে স্বাস্থ্য ও জীবনযাত্রায় নেতিবাচক প্রভাবের বিষয়টি সামনে আসায় ডে-লাইট সেভিং টাইম বাতিলের দাবিও জোরালো হয়েছে। ২০১৯ সালে ইউরোপীয় পার্লামেন্ট এ পদ্ধতি বাতিলের পক্ষে ভোট দিলেও এখনো তা কার্যকর হয়নি। স্থায়ীভাবে কোন সময় অনুসরণ করা হবে, তা নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে।

তবে ঘুম ও জৈবিক ছন্দ নিয়ে কাজ করা অনেক বিজ্ঞানীর মতে, গ্রীষ্মকালীন সময়ের পরিবর্তে শীতকালীন বা প্রচলিত সময় অনুসরণ করা শরীরের জন্য বেশি উপযোগী হতে পারে।


সূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ত্বক তারুণ্য ধরে রাখতে খাবেন যেসব খাবার, জানুন ৩ উপায়

ত্বক তারুণ্য ধরে রাখতে খাবেন যেসব খাবার, জানুন ৩ উপায়

কোলন সুস্থ রাখতে ঘরেই মেনে চলুন ৭ অভ্যাস

কোলন সুস্থ রাখতে ঘরেই মেনে চলুন ৭ অভ্যাস

প্রস্রাব বসে নাকি দাঁড়িয়ে করা ভালো? গবেষণায় যা জানা গেল

প্রস্রাব বসে নাকি দাঁড়িয়ে করা ভালো? গবেষণায় যা জানা গেল

বায়ুদূষণে ফুসফুসের সুরক্ষায় ভুল মাস্ক পরছেন না তো?

বায়ুদূষণে ফুসফুসের সুরক্ষায় ভুল মাস্ক পরছেন না তো?

ঘুমানোর আগে ভুলেও করবেন না এই কাজগুলো

ঘুমানোর আগে ভুলেও করবেন না এই কাজগুলো

দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রেখে ডেকে আনছেন ৫ বড় বিপদ

দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রেখে ডেকে আনছেন ৫ বড় বিপদ

আরও পড়ুন

ত্বক তারুণ্য ধরে রাখতে খাবেন যেসব খাবার, জানুন ৩ উপায়

ত্বক তারুণ্য ধরে রাখতে খাবেন যেসব খাবার, জানুন ৩ উপায়

ঘড়ির কাঁটা এগিয়ে-পিছিয়ে দিলে কি স্বাস্থ্যঝুঁকি বাড়ে?

ঘড়ির কাঁটা এগিয়ে-পিছিয়ে দিলে কি স্বাস্থ্যঝুঁকি বাড়ে?

কোলন সুস্থ রাখতে ঘরেই মেনে চলুন ৭ অভ্যাস

কোলন সুস্থ রাখতে ঘরেই মেনে চলুন ৭ অভ্যাস

গ্যাস্ট্রিক চিরতরে দূর করতে চান? সহজ ও কার্যকর উপায় জানালেন ডা. তাসনিম জারা

গ্যাস্ট্রিক চিরতরে দূর করতে চান? সহজ ও কার্যকর উপায় জানালেন ডা. তাসনিম জারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম