Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণে কপার-টি নাকি ইমপ্ল্যান্ট, কোন পদ্ধতি বেশি নিরাপদ?

ডা. আয়শা আক্তার

ডা. আয়শা আক্তার

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণে কপার-টি নাকি ইমপ্ল্যান্ট, কোন পদ্ধতি বেশি নিরাপদ?

লেখকের ছবি

Advertisement

পরিবার পরিকল্পনায় দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির জনপ্রিয়তা বেড়েছে। বিশেষ করে ইমপ্ল্যান্ট ও কপার-টি (আইইউডি) দীর্ঘদিন গর্ভধারণ প্রতিরোধে কার্যকর হওয়ায় অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে সাধারণ মানুষের মনে রয়েছে নানা প্রশ্ন। কোনটি বেশি নিরাপদ? এর কোনোটিতে শরীরে কোনো দীর্ঘমেয়াদি ক্ষতি হয় কি না? কারা এসব পদ্ধতি ব্যবহার করতে পারবেন?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (CDC) নির্দেশিকা অনুযায়ী, ইমপ্ল্যান্ট ও কপার-টি উভয়ই অত্যন্ত কার্যকর এবং সাধারণভাবে নিরাপদ দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।তবে ব্যক্তির শারীরিক অবস্থা, মাসিকের ধরন, স্বাস্থ্যগত ইতিহাস অনুযায়ী পদ্ধতি নির্বাচন করা উচিত ।

ইমপ্ল্যান্ট হচ্ছে ছোট, সরু ও নমনীয় একটি রড, যা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক বাহুর ওপরের অংশের ত্বকের নিচে স্থাপন করেন। এটি থেকে প্রোজেস্টিন হরমোন নিঃসৃত হয়, যা মূলত ডিম্বস্ফোটন প্রতিরোধ এবং জরায়ুমুখের শ্লেষ্মা ঘন করার মাধ্যমে গর্ভধারণ ঠেকায়। ধরন অনুযায়ী ইমপ্ল্যান্ট সাধারণত তিন থেকে পাঁচ বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে।

অন্যদিকে কপার-টি হলো টি-আকৃতির একটি ছোট যন্ত্র, যা চিকিৎসক জরায়ুর ভেতরে স্থাপন করেন। এতে হরমোন থাকে না। কপার শুক্রাণুর কার্যক্ষমতা ও চলাচলে বাধা দিয়ে নিষেক প্রতিরোধ করে। পণ্যের ধরন অনুযায়ী এটি পাঁচ থেকে দশ বছর বা কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময় কার্যকর থাকতে পারে।

কোনটি বেশি নিরাপদ?

নিরাপত্তার দিক থেকে দুটোই গ্রহণযোগ্য ও অত্যন্ত কার্যকর পদ্ধতি। প্রথম বছরে সাধারণ ব্যবহারে উভয় পদ্ধতিতেই প্রতি ১০০ জন ব্যবহারকারীর মধ্যে একজনেরও কম গর্ভধারণ করেন।তবে দুটির পার্শ্বপ্রতিক্রিয়া আলাদা।

ইমপ্ল্যান্ট ব্যবহারে মাসিক অনিয়মিত হতে পারে। কারও কারও ক্ষেত্রে দীর্ঘদিন অল্প অল্প রক্তপাত, ঘন ঘন রক্তপাত কিংবা মাসিক বন্ধ হয়ে যাওয়ার মতো পরিবর্তন দেখা যায়। মাথাব্যথা, ব্রণ, স্তনে অস্বস্তি ও মেজাজের পরিবর্তনও হতে পারে। তবে এসব উপসর্গ সবার ক্ষেত্রে হয় না। সাধারণত মাসিকের এই পরিবর্তন ক্ষতিকর নয়, যদিও কারও কারও জন্য অস্বস্তিকর হতে পারে।

কপার-টির ক্ষেত্রে প্রথম কয়েক মাস মাসিকের রক্তপাত বেড়ে যাওয়া, মাসিক দীর্ঘস্থায়ী হওয়া এবং তলপেটে ব্যথা বা খিঁচুনি বেশি হওয়ার আশঙ্কা থাকে। যাদের আগে থেকেই অতিরিক্ত মাসিক বা রক্তস্বল্পতা রয়েছে, তাদের ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা প্রয়োজন।

অতএব, যারা হরমোনবিহীন পদ্ধতি চান তাদের জন্য কপার-টি উপযোগী হতে পারে। আবার যাদের মাসিকের রক্তপাত বেশি বা ব্যথার সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ইমপ্ল্যান্ট বিবেচনা করা যেতে পারে।

স্থাপনের পর স্থানান্তরিত হওয়ার আশঙ্কা আছে কি?

ইমপ্ল্যান্ট ও কপার-টি নিয়ে সবচেয়ে প্রচলিত উদ্বেগের একটি হলো, এগুলো শরীরের ভেতরে স্থান পরিবর্তন করে কি না।ইমপ্ল্যান্ট সাধারণত বাহুর যে স্থানে স্থাপন করা হয়, সেখানেই থাকে। এটি শরীরের অন্য কোনো অঙ্গে চলে যাওয়া অত্যন্ত বিরল। তবে ভুল গভীরতায় স্থাপন করা হলে বা বিশেষ জটিলতা দেখা দিলে এটি শনাক্ত ও অপসারণ কঠিন হতে পারে। তাই প্রশিক্ষিত চিকিৎসকের মাধ্যমে স্থাপন এবং প্রয়োজনে পরীক্ষা করানো জরুরি।

কপার-টির ক্ষেত্রেও সাধারণত এটি জরায়ুর ভেতরেই অবস্থান করে। তবে বিরল ক্ষেত্রে জরায়ু থেকে আংশিক বা সম্পূর্ণ বেরিয়ে আসতে পারে, যাকে এক্সপালশন বলা হয়। আবার স্থাপনের সময় জরায়ুর দেয়ালে ছিদ্র হওয়ার মতো বিরল জটিলতাও ঘটতে পারে। তবে কপার-টি সাধারণত শরীরের অন্য অঙ্গে ঘুরে বেড়ায় না।

যদি সুতা অনুভব না হয়, স্বাভাবিকের তুলনায় বেশি লম্বা বা ছোট মনে হয়, অস্বাভাবিক ব্যথা কিংবা অতিরিক্ত রক্তপাত হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

কারা ব্যবহার করতে পারবেন?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী, বয়স বা আগে সন্তান হয়েছে কি না—শুধু এসব কারণে কাউকে ইমপ্ল্যান্ট বা আইইউডি ব্যবহারের অযোগ্য বলা যায় না। কিশোরীসহ বিভিন্ন বয়সের উপযুক্ত ব্যক্তিরাও চিকিৎসকের মূল্যায়ন সাপেক্ষে এসব পদ্ধতি ব্যবহার করতে পারেন।তবে কিছু বিশেষ শারীরিক অবস্থায় সতর্কতা প্রয়োজন।

ইমপ্ল্যান্ট ব্যবহারের ক্ষেত্রে বর্তমান স্তন ক্যানসার, গুরুতর কিছু যকৃতের রোগ এবং নির্দিষ্ট কিছু ওষুধ সেবনের বিষয়টি বিবেচনা করতে হয়। কিছু ওষুধ ইমপ্ল্যান্টের কার্যকারিতা কমিয়ে দিতে পারে।

অন্যদিকে, গর্ভাবস্থা, জরায়ুর গঠনগত কিছু সমস্যা, বর্তমান পেলভিক সংক্রমণ বা অজানা কারণে যোনিপথে রক্তপাত থাকলে কপার-টি স্থাপনের আগে বিশেষজ্ঞের পরামর্শ  জরুরি।

বন্ধ্যত্বের ঝুঁকি আছে কি?

ইমপ্ল্যান্ট বা কপার-টি ব্যবহারে স্থায়ী বন্ধ্যত্ব হয়—এমন বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং এগুলো খুলে ফেলার পর সাধারণত দ্রুত প্রজননক্ষমতা ফিরে আসে। কপার-টি অপসারণের পর এবং ইমপ্ল্যান্ট খুলে ফেলার পর পুনরায় গর্ভধারণ সম্ভব।

তবে কপার-টি স্থাপনের সময় আগে থেকে থাকা যৌনবাহিত সংক্রমণ থাকলে পেলভিক ইনফেকশনের ঝুঁকি বাড়তে পারে। তাই প্রয়োজন অনুযায়ী সংক্রমণ পরীক্ষা ও চিকিৎসা গুরুত্বপূর্ণ।

সিদ্ধান্ত নেওয়ার আগে যা জানা জরুরি

জন্মনিয়ন্ত্রণের কোনো একটি পদ্ধতি সবার জন্য সেরা নয়। ব্যক্তির স্বাস্থ্যগত অবস্থা, মাসিকের ধরন, ভবিষ্যতে সন্তান নেওয়ার পরিকল্পনা এবং নিজের পছন্দের ভিত্তিতে পদ্ধতি নির্বাচন করতে হবে।

এক্ষেত্রে সরকারি পরিবার পরিকল্পনা কেন্দ্র, প্রশিক্ষিত চিকিৎসক বা প্রজননস্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি মনে রাখতে হবে, ইমপ্ল্যান্ট ও কপার-টি গর্ভধারণ প্রতিরোধ করলেও এইচআইভিসহ যৌনবাহিত সংক্রমণ থেকে সুরক্ষা দেয় না। সে ক্ষেত্রে কনডম প্রয়োজন।

সবশেষে বলা যায়, দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ মানেই স্বাস্থ্যঝুঁকি নয়। সঠিক পদ্ধতি নির্বাচন, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর মাধ্যমে স্থাপন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ গ্রহণ করলে ইমপ্ল্যান্ট ও কপার-টি দুটিই নিরাপদ ও কার্যকর জন্মনিয়ন্ত্রণের বিকল্প হতে পারে।

লেখক: উপ পরিচালক

২৫০ শয্যার টিবি হাসপাতাল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ: ইসলামের দৃষ্টিভঙ্গি ও শরয়ি বিধান কী?

পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ: ইসলামের দৃষ্টিভঙ্গি ও শরয়ি বিধান কী?

এক পরিবারের পাঁচজনই প্রতিবন্ধী, কীভাবে চলছে সংসার?

এক পরিবারের পাঁচজনই প্রতিবন্ধী, কীভাবে চলছে সংসার?

এক বছরে পরিবার পরিকল্পনার ২৩ কর্মসূচি

এক বছরে পরিবার পরিকল্পনার ২৩ কর্মসূচি

ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণগুলো কী, কেন এটি ঝুঁকিপূর্ণ

ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণগুলো কী, কেন এটি ঝুঁকিপূর্ণ

ডেঙ্গু, চিকুনগুনিয়া নাকি ভাইরাল জ্বর—বোঝার উপায় কী? কী করবেন রোগী ও পরিবার

ডেঙ্গু, চিকুনগুনিয়া নাকি ভাইরাল জ্বর—বোঝার উপায় কী? কী করবেন রোগী ও পরিবার

অতিরিক্ত মাংস নয়, চাই পরিমিতি ও সুষম খাদ্যাভ্যাস

অতিরিক্ত মাংস নয়, চাই পরিমিতি ও সুষম খাদ্যাভ্যাস

আরও পড়ুন

দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণে কপার-টি নাকি ইমপ্ল্যান্ট, কোন পদ্ধতি বেশি নিরাপদ?

দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণে কপার-টি নাকি ইমপ্ল্যান্ট, কোন পদ্ধতি বেশি নিরাপদ?

নারীর ফ্যাটি লিভার নিয়ে অবাক করা তথ্য

নারীর ফ্যাটি লিভার নিয়ে অবাক করা তথ্য

চোখ ওঠা সমস্যার ঘরোয়া সমাধান জানালেন তাসনিম জারা

চোখ ওঠা সমস্যার ঘরোয়া সমাধান জানালেন তাসনিম জারা

ঋতু পরিবর্তনে বাড়ে সর্দি-কাশি, নিয়ন্ত্রণে যা করবেন

ঋতু পরিবর্তনে বাড়ে সর্দি-কাশি, নিয়ন্ত্রণে যা করবেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম