Logo
Logo
×

Advertisement

ডাক্তার আছেন

শৈশবের ট্রমা নিঃশব্দে কমিয়ে দেয় আয়ু, জন্ম দেয় হাইপারমেটাবলিজম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

শৈশবের ট্রমা নিঃশব্দে কমিয়ে দেয় আয়ু, জন্ম দেয় হাইপারমেটাবলিজম

Advertisement

আমাদের চারপাশে এমন অনেক শিশু রয়েছে, যারা ছোটবেলায় চরম মানসিক ট্রমা, দারিদ্র্য কিংবা পারিবারিক কলহের মধ্য দিয়ে বড় হয়ে থাকে। আর বড়দের হয়তো ধারণা— ছোটবেলার সেই ঝড় শিশুরা সহজেই ভুলে যায়। কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে ভিন্নকথা— শৈশবের সেই মানসিক চাপ বা ‘অ্যাডভার্সিটি’ নিঃশব্দে বদলে দেয় তার শরীরের অন্দরের কোষীয় গঠন, যার মাসুল গুনতে হয় প্রাপ্তবয়স্ক বয়সে এসে।

চিকিৎসাবিজ্ঞান আরও বলছে, যারা ছোটবেলায় চরম প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন, তাদের কোষের শ্বাস নেওয়ার কিংবা শক্তি উৎপাদন করার ক্ষমতা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি হয়ে থাকে। কোষের এই অতিরিক্ত সক্রিয়তা বা হাইপারমেটাবলিজম সাময়িকভাবে শরীরকে কোনো কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে সাহায্য করলেও, দীর্ঘমেয়াদি তা কোশের মারাত্মক ক্ষতি করে থাকে। সম্প্রতি বিখ্যাত জার্নাল ‘বায়োলজিক্যাল সাইকিয়াট্রি’তে প্রকাশিত একটি গবেষণায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। 

শৈশবের মানসিক ট্রমার কারণে মানুষের শরীরে বাসা বাধতে পারে ‘হাইপারমেটাবলিজম’ নামক এক নীরব ঘাতক, যা দীর্ঘমেয়াদি ডেকে আনে অকাল বার্ধক্য এবং ফুসফুস ও কিডনিসহ নানা অঙ্গের মারাত্মক ক্ষতি।

হাইপারমেটাবলিজম কি? এককথায়— হাইপারমেটাবলিজম হলো অত্যন্ত দ্রুত বা অতিরিক্ত সক্রিয় মেটাবলিজম। আমাদের শরীর খাবার থেকে যে শক্তি তৈরি করে, তা দিয়ে শরীরের স্বাভাবিক কাজকর্ম চলে। কিন্তু হাইপারমেটাবলিজম হলে শরীর প্রয়োজনের চেয়ে অনেক বেশি ক্যালোরি দ্রুত পুড়িয়ে ফেলে। এর ফলে কোনো কারণ ছাড়াই ওজন কমতে থাকে এবং শরীর চরম ক্লান্ত হয়ে পড়ে।

সাধারণত শরীর যখন কোনো বড় আঘাত বা রোগ থেকে নিজেকে সারিয়ে তোলার চেষ্টা করে, তখন সাময়িকভাবে মেটাবলিজম বা বিপাক হার বেড়ে যায়। কিন্তু এটি দীর্ঘস্থায়ী বা ক্রনিক রূপ নিলে তা শরীরের জন্য মারাত্মক বিপজ্জনক।

এ বিষয়ে আমেরিকার ‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস’-এর গবেষকরা ১৪০ জনেরও বেশি প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর ওপর এ সমীক্ষাটি চালান। তাদের শৈশবের নানাবিধ প্রতিকূলতার ইতিহাস জানার পাশাপাশি তাদের রক্তের জ্যান্ত কোষের ওপর একটি বিশেষ ‘স্ট্রেস টেস্ট’ করা হয়। গবেষণার প্রধান লেখক এবং গবেষক শাইলো ক্লিভল্যান্ড জানান, কোষের শক্তি উৎপাদনকারী কেন্দ্র বা মাইটোকন্ড্রিয়া কীভাবে শৈশবের দারিদ্র্য ও ট্রমার কারণে বদলে যায়, তা এই প্রথম কোনো গবেষণায় স্পষ্ট হলো। 

এ বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করেছেন গবেষণার সিনিয়র লেখক তথা মনস্তত্ত্ববিদ জেনিফার সামনার। তিনি বলেন, 'তীব্র বা ক্রনিক মানসিক চাপের সময় মাইটোকন্ড্রিয়া নিজেকে এমনভাবে বদলে নেয়, যাতে কোষগুলো যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য দ্রুত শক্তি পায়। স্বল্পমেয়াদে এটি শরীরের জন্য বেশ উপকারী।'

তিনি বলেন, 'সমস্যা হলো— শৈশবের সেই ট্রমার কারণে মাইটোকন্ড্রিয়াগুলো শান্ত বা স্বাভাবিক পরিবেশেও নিজেকে সবসময় ‘স্ট্রেস’-এর মধ্যে ধরে রাখে। অর্থাৎ কোনো মানসিক চাপ না থাকলেও কোষগুলো অনবরত অতিরিক্ত কাজ করতে থাকে। ফলে কোষের ভেতরের কলকব্জাগুলো খুব দ্রুত ক্ষয়ে যায় এবং সময়ের আগেই বুড়িয়ে যায়। দীর্ঘমেয়াদে এর কর্মক্ষমতা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে যায়, যা অকাল বার্ধক্য ও নানা ক্রনিক রোগ ডেকে আনে।'

গবেষণায় দেখা গেছে, ছোটবেলায় সব বাচ্চার ট্রমা এক রকম হয় না এবং তার ওপর ভিত্তি করে মাইটোকন্ড্রিয়ার আচরণও বদলে যায়। এবার চলুন জেনে নেওয়া যাক, ট্রমা কেমন, তার ওপর নির্ভর করে কোষের ক্ষতি—

ভীতি বা হুমকি

শৈশবে কোনো হিংসা, মারধর বা ভয়ের পরিবেশের মধ্যে বড় হলে কোষের স্বাভাবিক শক্তি উৎপাদন ক্ষমতা কমে যায়। তবে সেই কোষটি ভবিষ্যতের যে কোনো মানসিক বা শারীরিক ধাক্কা সামলাতে নিজেকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখে।

বঞ্চনা ও অবহেলা

শৈশবে চরম অভাব, দারিদ্র্য বা বাবা-মায়ের অবহেলার শিকার হলে কোষগুলো অতিরিক্ত মাত্রায় কিন্তু অত্যন্ত অদক্ষভাবে শক্তি উৎপাদন করতে শুরু করে। চিকিৎসকদের মতে, এটি আসলে কোষের স্থায়ী বিকলতা বা ‘সেলুলার ডিসফাংশন’-এর লক্ষণ।

গবেষকদের মতে, ছোটবেলা বা কৈশোরের এই ধকল প্রাপ্তবয়স্ক বয়সে পৌঁছানোর আগেই যদি সঠিক কাউন্সেলিং বা চিকিৎসার মাধ্যমে ঠিক করা যায়, তবে বয়সজনিত জটিল রোগগুলো শুরু হওয়ার আগেই তা প্রতিরোধ করা সম্ভব। একটা জিনিস মাথায় রাখতে হবে— শিশুরা মুখে কিছু না বললেও তাদের চারপাশের পরিবেশ, কোনো কিছুর অভাব বা পারিবারিক অশান্তি, তাদের শরীরের এক কোষ থেকে অন্য কোষে নিঃশব্দে বিষ ছড়াতে থাকে। 

তাই শৈশবকে অনেক সুরক্ষিত ও আনন্দময় রাখা খুব জরুরি। শৈশবে শিশুকে কোনো কিছুতে কষ্ট দেওয়া উচিত নয়। আর বড় বয়সেও যদি অতিরিক্ত ক্লান্তি বা মেটাবলিজমের সমস্যা দেখা দেয়। তবে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে সমানভাবে নজির দিতে হবে। 

যে লক্ষণে সাবধান হবেন

যদি আপনার শরীরে নিচের লক্ষণগুলো দেখা যায়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত—

•    কোনো ডায়েট বা কসরত ছাড়াই হুট করে ওজন কমে যাওয়া।

•    প্রচণ্ড খিদে পাওয়া বা খাওয়ার প্রবণতা বেড়ে যাওয়া।

•    অতিরিক্ত মাত্রায় ঘাম হওয়া।

•    সারাক্ষণ চরম ক্লান্তি ও দুর্বলতা।

•    হার্টবিট বা হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে অনেক দ্রুত বা অনিয়মিত হওয়া।

•    রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেওয়া।

অবহেলায় ক্ষতি

হাইপারমেটাবলিজম যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তবে শরীরের অঙ্গগুলোর ওপর চরম চাপ পড়ে। এর ফলে মাংসপেশি শুকিয়ে যেতে পারে বা পেশির ক্ষয় হতে পারে। আর হাড়ের ঘনত্ব কমে গিয়ে হাড় ভঙ্গুর হয়ে যায়। সেই সঙ্গে দীর্ঘদিন ধরে হৃদস্পন্দন অস্বাভাবিক থাকায় হার্টের গুরুতর রোগ দেখা দেয়। ফলে কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম একদম দুর্বল হয়ে পড়ে।

চিকিৎসকদের মতে, হাইপারমেটাবলিজমের লক্ষণগুলো দেখা দিলে মূলত কমপ্রিহেনসিভ মেটাবলিক প্যানেল ব্লাড টেস্ট, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ক্যালোরি পোড়ানোর গতি মাপার মেটাবলিক টেস্ট এবং টিউমার বা অন্যান্য জটিলতা খুঁজতে সিটিস্ক্যান বা এমআরআই-এর মতো ইমেজিং টেস্টের সাহায্যে রোগ নির্ণয় করা হয়। 

যদিও শৈশবের ট্রমা বা হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা মানুষের নিয়ন্ত্রণে থাকে না।  তবু প্রাপ্তবয়স্ক বয়সে এ রোগপ্রতিরোধ করতে ও সুস্থ থাকতে উচ্চতা অনুযায়ী সঠিক ওজন বজায় রাখা, পুষ্টিকর খাবার খাওয়া, বছরে অন্তত একবার সম্পূর্ণ বডি চেকআপ করানো এবং চিকিৎসকের পরামর্শ মেনে দৈনিক ২০-৩০ মিনিট হালকা ফ্রি-হ্যান্ড এক্সারসাইজ করা অত্যন্ত জরুরি। কারণ শৈশবের মানসিক আঘাত কেবল মনের কোণেই জমে থাকে না, তা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোষের মধ্যে বিষ ছড়াতে শুরু করে। তাই শিশুদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি বড় বয়সে হঠাৎ ওজন কমলে বা অতিরিক্ত ক্লান্তি এলে তাকে অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫ কারণে কমছে জন্মহার, কাজে আসছে না আধুনিক চিকিৎসা

নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য ৫ কারণে কমছে জন্মহার, কাজে আসছে না আধুনিক চিকিৎসা

পুরুষদের বন্ধ্যত্বের ৬ কারণ

পুরুষদের বন্ধ্যত্বের ৬ কারণ

অল্প বয়সেও হতে পারে স্ট্রোক, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না

অল্প বয়সেও হতে পারে স্ট্রোক, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না

পিরিয়ড না হলেও ওষুধ খান, জানেন কী ক্ষতি?

পিরিয়ড না হলেও ওষুধ খান, জানেন কী ক্ষতি?

বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আগে ৬ বিষয়ে সতর্ক হোন

বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার আগে ৬ বিষয়ে সতর্ক হোন

শীতে কাশি-গলাব্যথায় পান করুন এই উষ্ণ পানীয়

শীতে কাশি-গলাব্যথায় পান করুন এই উষ্ণ পানীয়

আরও পড়ুন

শৈশবের ট্রমা নিঃশব্দে কমিয়ে দেয় আয়ু, জন্ম দেয় হাইপারমেটাবলিজম

শৈশবের ট্রমা নিঃশব্দে কমিয়ে দেয় আয়ু, জন্ম দেয় হাইপারমেটাবলিজম

মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা বাড়াতে উদ্যোগ

মেডিকেল ট্যুরিজম খাতে বাংলাদেশ-মালয়েশিয়ার সহযোগিতা বাড়াতে উদ্যোগ

সর্দি-কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? এক ভুলেই হতে পারে বিপদ

সর্দি-কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? এক ভুলেই হতে পারে বিপদ

মস্তিষ্কের টিউমার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি, কতটা এগিয়েছে বাংলাদেশ?

মস্তিষ্কের টিউমার চিকিৎসায় আধুনিক প্রযুক্তি, কতটা এগিয়েছে বাংলাদেশ?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম