বিশ্বব্যাপী কমছে জন্মহার, আধুনিক চিকিৎসাও কাজে আসছে না কেন?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পিএম
বিশ্বব্যাপী কমছে জন্মহার। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আইভিএফ-এর মতো আধুনিক প্রজনন চিকিৎসা সন্তান ধারণে অক্ষম ব্যক্তিদের সাহায্য করছে। কিন্তু, বৃহত্তর সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জগুলো মোকাবিলা না করে বিশ্বব্যাপী জন্মহার কমার প্রবণতা রোধ করা সম্ভব নয় বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এমনকি আধুনিক চিকিৎসার মাধ্যমেও এ সংকটের কোনো সমাধান সম্ভব না।
গত ২৪ নভেম্বর ‘ফ্রন্টিয়ার্স ইন সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত এক আন্তর্জাতিক পর্যালোচনায় দেখা গেছে, বর্তমান ধারা অব্যাহত থাকলে ২১০০ সালের মধ্যে বিশ্বের ১০টির মধ্যে ৯টিরও বেশি দেশে জন্মহার জনসংখ্যা স্থিতিশীল রাখার মানদণ্ডের নিচে নেমে যাবে। ইতিমধ্যেই বিশ্বের অর্ধেকেরও বেশি অর্থনীতির দেশে জন্মহার প্রতি নারীর বিপরীতে ২.১ সন্তানের যে স্বাভাবিক প্রতিস্থাপন স্তর, তার নিচে অবস্থান করছে।
পাশাপাশি বায়ুদূষণ, জলবায়ু পরিবর্তনজনিত চাপ এবং কিছু প্লাস্টিক ও কীটনাশকে থাকা হরমোন-বিঘ্নকারী রাসায়নিকের সংস্পর্শে আসার মতো পরিবেশগত কারণগুলোও প্রজনন স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
গবেষণাটির প্রধান লেখক ও অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট নরম্যান বলেন, প্রজনন চিকিৎসা লাখ লাখ মানুষকে সাহায্য করেছে ঠিকই, কিন্তু মানুষ কেন দেরিতে সন্তান নিচ্ছে বা কেন তারা কাঙ্ক্ষিত সংখ্যার চেয়ে কম সন্তান নিচ্ছে—সেই মূল কারণগুলো এটি সমাধান করতে পারে না।
গবেষকরা এই সংকট মোকাবিলায় একটি সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। এর আওতায় সহজলভ্য প্রজনন চিকিৎসার পাশাপাশি সাশ্রয়ী শিশু যত্ন (চাইল্ডকেয়ার), আবাসন সহায়তা, পরিবার-বান্ধব কর্মপরিবেশ নীতি এবং কঠোর পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
তারা সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদে নিম্ন জন্মহার অব্যাহত থাকলে কর্মক্ষম জনসংখ্যা হ্রাস পাবে, শ্রমবাজারে সংকট দেখা দেবে এবং অর্থনীতি ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ আরও বাড়বে।
সূত্র: সামা টিভি

